IPL 2025: কেকেআরে কাছে সম্মানের একটা লড়াই, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের পারফরম্যান্স কেমন?
সোমবার আইপিএলের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ মানেই সম্মানের একটা লড়াই। আর পাঁচটা ম্যাচের তুলনায় এই ম্যাচটার গুরুত্ব নাইট শিবির একটু বেশি। সৌজন্যে ওয়াংখেড়ে ও শাহরুখ খান।
প্রথমত মুম্বই ইন্ডিয়ান্স কেকেআর কর্ণধারের নিজের শহরের দল। তারউপর এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শাহরুখ খানের ঘটেছিল একটা বিতর্কিত ঘটনা। তারপর থেকেই ওয়াংখেড়ে খেলতে এলেই নাইটরা এই মাঠে জয়ের জন্য মুখিয়ে থাকেন। যাতে কর্ণধারের মুখে হাসি ফোটে।

২০১২ সালে কেকেআর কর্ণধার শাহরুখ খান মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। মুম্বই ক্রিকেট সংস্থা তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্থ অবস্থায় মাঠে প্রবেশ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করে। এই ঘটনায় জল অনেকদূর গরিয়েছিল। এমসিএ শাহরুখকে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করে। তবে ২০১৫ সালেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর সময় এগিয়েছে। কেকেআর তিনবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ যে একটা সম্মানের লড়াই হিসাবেই চিরস্থায়ী হয়ে গিয়েছে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের রেকর্ড অবশ্য খুব একটা ভালো নয়। এখানে ১৭টি ম্যাচের মধ্যেই ১২টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। জয় এসেছে মাত্র ৫ ম্যাচে। ফলে পরিসংখ্যানই বলে দিচ্ছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের কাছে শক্ত একটা ভেন্য়ু।
২০০৮ সালে এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্স কেকেআরকে ৮ উইকেটে পরাজিত করে। ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে চার উইকেটে জেতে মুম্বই। ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর ৩২ রানে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্সকে। ২০১৩ সালে ঘরের মাঠে ৬৫ রানে নাইটদের পরাজিত করে মুম্বই।
২০১৫ সালে ৫ রানে জেতে মুম্বই। ২০১৬ এবং ২০১৭ সালে দুইবার ঘরের মাঠে জয় হাসিল করে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৮ সালে ১৩ রানে জেতে মুম্বই, ২০১৯ সালে ৯ উইকেটে জয় পায় মুম্বই। ২০২৩ সালে ঘরের মাঠে ৫ উইকেটে জয় পায় মুম্বই। ২০২৪ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে কেকেআর।
সোমবার আরও একটা ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর বনাম মুম্বই। রাজস্থানের বিরুদ্ধে জিতে খেলতে নামবে নাইট ব্রিগেড। গতবারের জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে নাইটদের। জিতলে দিল খুশ হয়ে যাবে বাদশারও।












Click it and Unblock the Notifications