IPL 2025: শ্রেয়সকে কেকেআর ধরে না রাখলে অধিনায়ক হবেন কে? দৌড়ে তিন অভিজ্ঞ তারকা
IPL 2025: আইপিএলে রিটেনশন লিস্ট প্রকাশের ৪৮ ঘণ্টা আগে তুঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে জল্পনা। আজ কিংবা কালই লিস্ট চূড়ান্ত করে ফেলবে কেকেআর।
শ্রেয়স আইয়ারের কেকেআরে না থাকার সম্ভাবনার কথাই বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে। আইপিএল খেতাবজয়ী অধিনায়ক নিলামেই নিজের নাম লেখাতে চাইছেন বলে খবর।

শ্রেয়সের প্রতি কেকেআরের মনোভাব বিস্মিত করেছে অনেককেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত শুক্রবার অবধিও শ্রেয়সের সঙ্গে কেকেআরের কেউ কথা বলেননি। আইপিএল রিটেনশন নিয়ে শ্রেয়সের সঙ্গে কেকেআরের প্রতিনিধিদের প্রথম কথা হয়েছে রবিবার।
স্বাভাবিকভাবেই অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি শ্রেয়সকে নিয়ে চাইছে বলেও জানা যাচ্ছে। নিশ্চিতভাবেই সেই দলগুলির কর্তারাও শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করেননি, এটা বলা যাচ্ছে না। শ্রেয়স আইপিএলে অধিনায়কত্ব করছেন কয়েক বছর ধরে। ২০২০ সালে দিল্লিকে ফাইনালে তোলেন, রানার-আপ হয় তাঁর দল।
এবার শ্রেয়স কেকেআর অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল খেতাব জিতেছেন। শ্রেয়সকে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসের মতো দলগুলি নিতে চাইছে বলেও জল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে শ্রেয়সকে কেকেআর ধরে রাখতে পারবে কিনা, বা শ্রেয়স থেকে যাওয়ার সম্মতি দেবেন কিনা তা স্পষ্ট নয়।
শ্রেয়স যদি কেকেআরের হাতছাড়া হন তাহলে বড় প্রশ্ন কেকেআরের অধিনায়ক হবেন কে। আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে রাখা হলে তাঁরা যেমন বিকল্প অধিনায়ক নন, তেমনই রিঙ্কু সিং, হর্ষিত রানা বা বরুণ চক্রবর্তীর মতো কেউও কেকেআরকে নেতৃত্ব দেবেন না।
ইয়ন মর্গ্যানের পর থেকে কেকেআর ভারতীয় ক্রিকেটারদেরই অধিনায়ক করেছে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন নীতীশ রানা। তবে নীতীশকে কেকেআর ধরে রাখছে না। এই পরিস্থিতিতে মেগা নিলাম থেকে এমন কাউকে নিতে হবে যিনি নেতৃত্ব দিতে পারবেন।
লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টসে থাকবেন না। রাহুলের আরসিবিতে যোগদানের জোরালো সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে রাহুলকে নেওয়ার জন্য কেকেআরও চেষ্টা চালাতে পারে। তালিকায় রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকার নাম।
আইপিএলে ক্যাপড প্লেয়ারদের রাখার যে স্যালারি ক্যাপ দেওয়া হয়েছে তা হলো যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি টাকা। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তিনি ১৮ কোটি টাকা পেতেই পারেন। কিন্তু সূর্যকুমার যাদব, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহও তো সমপরিমাণ টাকা পাওয়ার দাবিদার।
এই চারজনকে মুম্বই ইন্ডিয়ান্স ১৮ কোটি টাকা করে দিয়ে ৭২ কোটি খরচ করে ফেলবে এমনটাও কেউ মনে করছেন না। সূত্রের খবর, প্রাক্তন নাইট তথা ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে পেতে চাইছে কেকেআর।












Click it and Unblock the Notifications