IPL 2025: নাইট শিবিরে প্রবেশ করলেন পণ্ডিত মশাই, দলের প্রস্তুতি নিয়ে কী বললেন কেকেআর কোচ?
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গিয়েছে। এবার প্রতীক্ষা শুরু আইপিএলের। আগামী বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। প্রথম ম্যাচেই মাঠে নামতে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। ইডেনে তাদের প্রতিপক্ষ আরসিবি। ভরা বসন্তে কলকাতায় আইপিএলের উত্তাপ।
কয়েক সপ্তাহ আগে থেকেই মুম্বাইয়ে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেকেআর। মূলত দেশীয় ক্রিকেটারদের নিয়েই মুম্বইতে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেকেআর। তবে বুধবার থেকে ইডেনে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। সোমবার রাত্রি থেকেই কেকেআরের ক্রিকেটার একে একে কলকাতা আসতে শুরু করেছেন। দেশি-বিদেশি অনেক ক্রিকেটারই ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার পর নাইট শিবিরে প্রবেশ করলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। নাইট শিবিরে প্রবেশ করেই নিজেদের প্রস্তুতির পরিকল্পনা থেকে ঘরের ফেরার অনুভূতির কথা প্রকাশ করলেন নাইটদের হেড স্যার। কেকেআর মিডিয়া টিমকে দেওয়া ভিডিও বার্তায় চন্দ্রকান্ত পন্ডিত বলেছেন, আমরা আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করব। বিকেল পাঁচটায় ইডেনে আমাদের অনুশীলন শুরু হবে।
একইসঙ্গে বার্তায় চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, ,ইতিমধ্যেই প্রায় সব দেশীয় ক্রিকেটারই এসে উপস্থিত হয়েছেন। তবে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার পরে আসবেন। কারণ আমরা জানি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন দেশের হয়ে। এটা একটা দারুণ অনুভূতি। ঘরে ফেরার মতোই। গতবার কেকেআর খুব ভালো খেলেছিল এবারও আমরা ঘরের মাঠে ভক্তদের সামনে ভালো খেলতে মুখিয়ে আছি।
সোমবার রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন কেকেআরের দেশীয় এবং বিদেশি ক্রিকেটাররা। মঙ্গলবার সকালই কলকাতা চলে আসেন আনরিখ নরখিয়া এবং কুইন্টন ডি কক। অধিনায়ক অজিঙ্ক রাহানে দুপুরের পর কলকাতায় আসেন। সন্ধ্যার পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ক্রিকেটার মণীষ পাণ্ডে, লুভনীথ সিসোদিয়া সহ আরও কয়েকজন ক্রিকেটার নাইট শিবিরে প্রবেশ করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেশীয় ও বিদেশি ক্রিকেটাররা কয়েকদিন পর কেকেআর শিবিরে যোগ দেবেন।












Click it and Unblock the Notifications