IPL 2025: দলে আছেন সুনীল-বরুণরা, প্রতিপক্ষ দলের স্পিনারদের বিরুদ্ধে খেলতে গিয়েই সমস্যায় রাহানে-রিঙ্কুরা
কেকেআর দলে প্রধান শক্তি স্পিন বোলিং। দলে আছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো দুই রহস্য স্পিনার, একইসঙ্গে দলে আছেন মঈন আলির মতো অভিজ্ঞ স্পিন বোলার। আসলে কেকেআর দলে ভালো বিদেশি পেসার বা অভিজ্ঞ ভারতীয় পেসার নেই। ফলে স্পিনাররাই বোলিংয়ে ভরসা। কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটারদের যেমন কেকেআর স্পিনাররা আউট করছেন তেমনই নাইট ব্যাটসম্যানরাও স্পিনারদের হাতেই আউট হচ্ছেন।
শেষ পাঞ্জাব ম্যাচে কেকেআর ১১২ রানও তুলতে পারেনি। ৯৫ রানেই অল আউট হয়ে যায় কেকেআর। চাহালের ঘূর্ণি সামলাতেই পারলেন না রাহানে-রঘুবংশীরা। চাহালের বলে চার নাইট ব্যাটার আউট হয়েছেন। এর মধ্যে আছেন রাহানে, রঘুবংশী, রামনদীপ সিং এবং রিঙ্কু সিং। পাশাপাশি ম্যাক্সওয়েলের বলে আউট হয়েছেন বেঙ্কটেশ আইয়ার।

তার আগে সিএসকের বিরুদ্ধে জিতলেও দুই উইকেট হারিয়েছিল কেকেআর ।এর মধ্যে সুনীল নারিন আউট হয়েছিলেন নূর আহমেদের বলে। ইডেনে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট নেন রবি বিষ্ণোই ও দ্বিগেশ রাঠি। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে জেতে কেকেআর। তবে সেই ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে খেলতে খুব একটা অসুবিধা হয়নি। তার আগে মুম্বইয়ের কাছে লজ্জাজনকভাবে হারে নাইটরা। সেই ম্যাচে ভিগনেশ পুথুর একটি উইকেট নেন নাইটদের। আসলে সেই ম্যাচে অশ্বিনী কুমার একই ধস নামান কেকেআর দলের ব্যাটিংয়ে।
ইডেনে প্রথম ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ার বিরুদ্ধে খেলতেও নাভিশ্বাস উঠেছিল কেকেআরের। প্রথম ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়া রাহানে, বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংদের সাজঘরে ফিরিয়ে ছিলেন। পাশাপাশি প্রাক্তন নাইট সূয়শ শর্মাও এক উইকেট নেন। ,সব মিলিয়ে পরিসংখ্যান বলছে এবার স্পিনারদের খেলতে সমস্যাই হচ্ছে রাহানেদের।
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর দলের এবার ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। কারণ নাইটরা জয়ের ছন্দ ধরে রাখতে পারছে না। ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে কেকেআর। এখনও সাত ম্যাচ বাকি। বুধবারই কলকাতাতে ফিরেছে কেকেআর। বৃহস্পতিবার ছুটি ক্রিকেটারদের। শুক্রবার থেকে গুজরাত ম্যাচের প্রস্তুতি শুরু করবে কেকেআর। আগামী সোমবার ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে নামছে নাইটরা।












Click it and Unblock the Notifications