IPL 2025: মাথা ভারী দিল্লি ক্যাপিটালসের! আইপিএলে নয়া ভূমিকায় কেভিন পিটারসেন
IPL 2025: আইপিএলে কোচিং স্টাফে মাথা ভারী দিল্লি ক্যাপিটালসের। ম্যাথু মটকে সহকারী কোচ হিসেবে নেওয়ার পর এবার কেভিন পিটারসেনকেও কোচিং স্টাফে যুক্ত করা হলো।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পিটারসেন হলেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর। আইপিএলে এই প্রথম কোচিংয়ের নয়া ইনিংস শুরু করবেন কেপি।

হেড কোচ হিসেবে রিকি পন্টিং ও ডিরেক্টর অব ক্রিকেট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরায় দিল্লি ক্যাপিটালসের নতুন ম্যানেজমেন্ট জিএমআর। তারা আপাতত ২ বছর আইপিএল দলের দেখাশোনা করবে। সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের ডব্লিউপিএল ও এসএটি২০-র দলের দায়িত্বে আছেন।
রিকি পন্টিং হয়েছেন পাঞ্জাব কিংসের কোচ। হেমাঙ্গ বাদানিকে আইপিএল দলের কোচ করে দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট। সরিয়ে দেওয়া হয় পন্টিংয়ের আমলে থাকা সাপোর্ট স্টাফদের। আইপিএল দলের ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন বেণুগোপাল রাও।
বোলিং কোচ হিসেবে মুনাফ প্যাটেল রয়েছেন। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রাক্তন হেড কোচ, যিনি পুরুষ ও মহিলাদের টি২০ বিশ্বকাপ জিতেছেন কোচ হিসেবে, তাঁকে সহকারী কোচ করেছে দিল্লি ক্যাপিটালস। আজ মেন্টর হিসেবে ঘোষিত হলো পিটারসেনের নাম।
দিল্লি ক্যাপিটালস এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি। পিটারসেন শেষবার আইপিএল খেলেছেন ২০১৬ সালে। দিল্লি ক্যাপিটালসের প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, ক্যাপিটালসের মেন্টরের ভূমিকায় সুযোগ পেয়ে তিনি খুশি। দলের সঙ্গে নতুন ভূমিকা পালনের জন্য মুখিয়ে রয়েছেন। দলকে কাঙ্ক্ষিত খেতাব জেতাতে সকলকে নিয়ে তিনি সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর আশ্বাসও দিয়েছেন।
পিটারসেন আইপিএলে দিল্লির হয়ে খেলেছেন। তখন দলের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। কেপি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২০০৯ সালে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দেন। দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন ২০১৪ সালে। ১৭টি আইপিএল ম্যাচে তিনি অধিনায়ত্ব করেছেন।
তবে ২০১৪ সালে দিল্লি পয়েন্ট তালিকার তলানিতে ছিল, ১৪ ম্যাচে জিতেছিল মাত্র ২টিতে। ২০০৮ সালে ভারতে টেস্ট সিরিজ-সহ ইংল্যান্ডকে বিভিন্ন ফরম্যাটে ১৫টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে পিটারসেনের।
দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে থাকার সুবাদেই কিরণ কুমার গ্রান্ধীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কেপির। গ্রান্ধী জিএমআরের চেয়ারম্যান, এই সংস্থাই আপাতত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট সামলাচ্ছে। গত সেপ্টেম্বরে হ্যাম্পশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে জিএমআরের যে চুক্তি হয় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পিটারসেনের। গত বছর ইউটিলিটা বোলে একসঙ্গে বসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টি২০ দেখেছিলেন গ্রান্ধী ও কেপি।
কেপি বলেন, দিল্লির হয়ে খেলেছি। ধারাভাষ্যকার বা বিশ্লেষকের ভূমিকা পালনের সময়ও এই দলকে ঘিরে আবেগ অনুভব করেছি। ২০১২ সালে বেণুগোপাল রাওয়ের সঙ্গে খেলেছি। ফলে তাঁর সঙ্গে জুটি বেঁধে এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।
আইপিএলের পাশাপাশি কেপি বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। ২০০টি টি২০ ম্যাচ খেলে ৫৬৯৫ রান করেছেন। দিল্লি মাত্র একবারই আইপিএল ফাইনাল খেলেছে। চলতি বছরেই আইএলটি২০ খেতাব জিতেছে দুবাই ক্যাপিটালস। যা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিরই দল। এর সাপোর্ট স্টাফে ছিলেন বাদানি, রাও ও মুনাফ। এবার আইপিএল জেতার লক্ষ্যে নামবে ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications