IPL 2025: জসপ্রীত বুমরাহকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের মাথায় বাজ! আইপিএলে কি খেলতে পারবেন?
IPL 2025: আইপিএল শুরুর আগে মাথায় বাজ পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। তার কারণ, দলের তথা দেশের ১ নম্বর পেসারের ফিটনেস।
জসপ্রীত বুমরাহ আইপিএলের সব ম্যাচে খেলতে পারবেন না। ইএপিএনক্রিকইনফোর প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।

জানুয়ারি মাস থেকেই মাঠের বাইরে জসপ্রীত বুমরাহ। তাঁকে ভোগাচ্ছে পিঠের চোট। যে কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। অবশেষে আশঙ্কাই সত্যি হতে চলেছে। আইপিএল শুরুর আগে পুরোপুরিভাবে ফিট হতে পারছেন না বুমরাহ।
চলতি মাসে মুম্বই ইন্ডিয়ান্সের তিনটি ম্যাচ আছে। তাতে বুমরাহকে ছাড়াই নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে ছাড়পত্র এলে তবেই বুমরাহ এপ্রিলের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলেই খবর।
গত জানুয়ারিতে সিডনি টেস্টের দ্বিতীয় দিন পিঠে চোট পান বুমরাহ। লোয়ার ব্যাক স্ট্রেস রিলেটেড ইনজুরি। ওই টেস্টে প্রথম ইনিংসে কিছু ওভার হাত ঘোরালেও দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরাহ। ২০২৩ সালে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এই প্রথম ফের পিঠের চোটে কাবু তারকা পেসার।
বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দলে রাখা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু গিয়ে স্ক্যান করান। কিন্তু অস্বস্তি না কাটায় শেষ অবধি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এখনই বলা যাচ্ছে না আইপিএলের কতগুলি ম্যাচ বুমরাহ খেলতে পারবেন না। গোটাটাই নির্ভর করছে তাঁর ম্যাচ ফিট হওয়ার উপর।
মুম্বই ইন্ডিয়ান্স ২৩ মার্চ আইপিএল অভিযান শুরু করছে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস ম্য়াচ দিয়ে। ২৯ মার্চ আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ৩১ মার্চ তারা প্রথম হোম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
বুমরাহ এপ্রিলের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। আগামী মাসের প্রথম সপ্তাহে দুটি ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ৪ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এরপর ৭ এপ্রিল আরসিবির বিরুদ্ধে হোম ম্যাচ।
বুমরাহ ফের চোট পেলে তা তাঁর কেরিয়ার শেষ করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শেন বন্ড। বন্ড মুম্বই ইন্ডিয়ান্সে বোলিং কোচ থাকাকালীন বুমরাহকে খুব কাছ থেকে দেখেছেন। বুমরাহর বোলিং অ্য়াকশনও অন্যদের তুলনায় আলাদা। তাছাড়া জুনে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডেও যাবে। টি২০ থেকে টেস্টের সঙ্গে দ্রুত মানিয়ে জোরে বোলারদের পক্ষে সহজ নয়। ফলে সবদিক খতিয়ে দেখেই বুমরাহকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications