IPL 2025: জয়পুরের জয়ে সচিন ও ভাজ্জিকে ছুঁলেন হার্দিক, মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চারে যাওয়ার পথ কতটা মসৃণ?
IPL 2025: এভাবেও ফিরে আসা যায়! মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে এ কথা বলাই যায়। কথায় নয়, কাজে করে দেখাচ্ছে হার্দিক পাণ্ডিয়ার দল।
প্রথম পাঁচটি ম্যাচের পর অনেকেই ভাবেননি মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে যেতে পারবে বলে। কিন্তু টানা ৬টি ম্যাচ জিতে তারাই পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে।

প্রথম দুটি ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর আবার টানা দুটি হার। এরপর আর ফিরে তাকাতে হয়। একের পর এক ম্যাচ জিতে তারা প্লে-অফের দোরগোড়ায়। আর একটি ম্যাচ জিতলেই তারা পৌঁছে যাবে প্লে-অফে ওঠার পয়েন্টের ম্যাজিক ফিগারে।
মঙ্গলবার ওয়াংখেড়েতে গুজরাত টাইটান্সকে হারালে মুম্বই ইন্ডিয়ান্স আরেকটি নজির গড়ে ফেলবে। ২০০৮ ও ২০১৭ সালের পর এবার টানা ৬টি ম্যাচ জিতেছে তারা। গুজরাতকে হারালে তা হবে মুম্বই ইন্ডিয়ান্সের টানা সাত ম্যাচে জয়, যে নজির হতে পারে এবারই প্রথম।
জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্স শেষবার জিতেছিল ২০১২ সালে। তারপর রাজস্থান রয়্যালসের কাছে ২০১৩ থেকে ২০২৪ অবধি টানা চার ম্যাচে হারতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ফলে সওয়াই মানসিং স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের যে অধিনায়করা জয় পেয়েছেন তাঁদের সঙ্গে নাম লেখালেন হার্দিক।
২০১২ সালে যেবার মুম্বই ইন্ডিয়ান্স জয়পুরে জিতেছিল তখন অধিনায়ক ছিলেন হরভজন সিং। এ ছাড়া আর যিনি জয়পুরে অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছিলেন তিনি হলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে। ফলে হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় অধিনায়ক যিনি জয়পুরে জিতে মাঠ ছাড়লেন।
এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স টানা ১৭ বার ২০০ বা তার বেশি রান তুলে জিতল। টি২০ ধরলে মুম্বই ইন্ডিয়ান্স ১৮টি ম্যাচে টানা অপরাজেয়। যে নজির আর কারও নেই।
HP leads from the front — and how! 💥🔥
— Mumbai Indians (@mipaltan) May 2, 2025
A captain’s knock 🤝 Dressing Room Batting Award 🎖💙#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #RRvMI pic.twitter.com/aIVMQXBL3v
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার। চেন্নাই সুপার কিংসও। সিএসকেকে এবার পিছনে ফেলার বড় সুযোগ মুম্বই ইন্ডিয়ান্সের। কেন না, আইপিএল থেকে এবার ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। মুম্বই ইন্ডিয়ান্সের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট ১.১২৪।
মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ বাকি গুজরাত টাইটান্স (হোম), পাঞ্জাব কিংস (অ্যাওয়ে) ও দিল্লি ক্যাপিটালস (হোম)-এর বিরুদ্ধে। গতকাল ১০০ রানে জেতার ফলে মুম্বই ইন্ডিয়ান্স লিগ পর্ব প্রথম দুইয়ে থেকে শেষ করার সম্ভাবনা উজ্জ্বল করল।
আরসিবির ১৪ পয়েন্ট থাকলেও ১০ দলের মধ্যে সেরা নেট রান রেট থাকায় হার্দিক পাণ্ডিয়ারা পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিলেন। মুম্বই ইন্ডিয়ান্স যদি শেষ তিনটি ম্যাচে হারে তাহলেও শেষ চারে যেতে পারে অন্য ম্যাচের ফলাফলগুলি তাদের পক্ষে গেলে। আবার ১৮ কিংবা ২০ পয়েন্টেও শেষ করতে পারে তারা। হার্দিকদের সুবিধাজনক জায়গায় ভালো নেট রান রেট।












Click it and Unblock the Notifications