IPL 2025: রাহানে কত নম্বরে ব্যাট করবেন? কেকেআরকে সতর্ক করে দুই প্রাক্তনীর মূল্যবান বার্তা
IPL 2025: শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বড় প্রশ্ন হলো, অধিনায়ক অজিঙ্ক রাহানে কোন পজিশনে ব্যাট করবেন?
এ ব্যাপারে হরভজন সিং ও আকাশ চোপড়ার মতো বিশেষজ্ঞরা নাইট শিবিরকে দিলেন বড় পরামর্শ। রাহানের বিষয়ে সতর্কও করলেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এবার চ্যাম্পিয়ন হয়েছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই। রাহানে ৯ ম্যাচে ৮ ইনিংসে সর্বাধিক ৪৬৯ রান করেছিলেন। পাঁচটি অর্ধশতরান-সহ। আবার ইডেনে যে শেষ রঞ্জি ম্যাচ খেলেছেন তাতে হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরিও করেন।
রাহানে আর রজত পাটীদার ছাড়া সর্বশেষ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেউ চারশোর উপর রান করেননি। মুম্বইয়ের হয়ে ওপেন করলেও কেকেআরে রাহানের ওপেন করার সম্ভাবনা কম। রাহানেকে নিলাম থেকে দেড় কোটি টাকায় কিনে অধিনায়ক করেছে কেকেআর।
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকাতেই রাহানেকে অধিনায়ক করা হয়েছে। বেঙ্কটেশ আইয়ার লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে আইয়ারকে ভাবা হলেও এবার অধিনায়ক রাহানেই।
আকাশ চোপড়ার মতে, কুইন্টন ডি ককের সঙ্গে কেকেআর সুনীল নারিনকেই ওপেন করতে পাঠাবে। বিশেষ করে নারিন যেভাবে গত বছর ব্যাট করেছেন। আকাশ ইএসপিএনক্রিকইনফোয় সাক্ষাৎকার দিতে গিয়ে রাহানের ব্যাটিং পজিশনের চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন।
আকাশ বলেন, শ্রেয়স মিডল অর্ডার ব্যাটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতাকে দলকে সাহায্য করেছেন। ভালো ফর্মেও আছেন। কিন্তু অধিনায়ক ও ব্যাটার রাহানেকে নিয়ে কেকেআরকে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। রাহানের ওপেন করা উচিত। নিদেনপক্ষে তিনে। তার নীচে নামলে দলের হয়ে সেভাবে অবদান রাখতে পারবেন না। তাঁর দরকার পাওয়ারপ্লে।
এরপরই আকাশ বলেন, সমস্যা এখানেই। ডি কক দলে থাকলে নারিন ওপেন করবেন। গত বছর যেভাবে খেলেছেন তারপর কি নারিনকে বলা যায় যে তাঁকে ওপেন করতে পাঠানো হবে না? নারিনই ওপেন করবেন। আবার তিন নম্বর পজিশন বেঙ্কটেশ আইয়ারের জন্য আদর্শ। তবে সেখানে রাহানেকে পাঠানো ছাড়া গতি নেই।
তিনের নীচে নামলে রাহানে সফল হবেন না বলে নিশ্চিত আকাশ। হরভজনও মনে করেন, রাহানেকে তিনেই পাঠানো উচিত। ভাজ্জির কথায়, ওপেনারদের জায়গা পাকা। কেকেআর যদি ক্য়াপ্টেন্সির জন্য রাহানেকে নিয়ে থাকে তাহলে বলব এই দায়িত্ব সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার বা আন্দ্রে রাসেলকে দেওয়া যেত।












Click it and Unblock the Notifications