IPL 2025 GT Schedule: টাইটান্সের বিরুদ্ধে ২ বার খেলতে হবে হার্দিকদের, গিলের গুজরাতের পূর্ণাঙ্গ সূচি
IPL 2025 GT Schedule: আইপিএলে এবার হোম ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে গুজরাত টাইটান্স। গত বছর শুভমান গিলের নেতৃত্বে গুজরাত হতাশ করেছে সমর্থকদের।
২০২২ সালে আবির্ভাবেই খেতাব জিতে চমকে দিয়েছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। ২০২৩ সালে রানার-আপ হয়। এরপর হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় শুভমান গিল অধিনায়ক হন।

গিল এবারও আইপিএলে নেতৃত্ব দেবেন টাইটান্সকে। এবারের নিলাম থেকে ভালোরকম রদবদলও করেছে গুজরাতের ফ্র্যাঞ্চাইজি। বদলে যাবে কম্বিনেশন। এবারের আইপিএলে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোড়া ম্যাচ রয়েছে টাইটান্সের। প্রথমে হোম, পরে অ্যাওয়ে।
গুজরাত টাইটান্স আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৫ মার্চ মঙ্গলবার মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। এরপর শনিবার ২৯ মার্চ গিলরা খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এপ্রিলের ২ তারিখ বুধবার গুজরাত টাইটান্সের প্রথম অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরুতে, আরসিবির বিরুদ্ধে।
বেঙ্গালুরু থেকে শুভমানদের গন্তব্য হায়দরাবাদ। সেখানে ৬ এপ্রিল রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাত। ৯ এপ্রিল বুধবার আমেদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে গুজরাত টাইটান্স।
লখনউয়ে গিয়ে ১২ এপ্রিল শনিবার বিকেল সাড়ে তিনটে থেকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন শুভমানরা। তাঁদের পরের ম্যাচও বিকেলে। ১৯ এপ্রিল শনিবার আমেদাবাদে সেই দ্বৈরথে গুজরাতের সামনে দিল্লি ক্যাপিটালস।
এপ্রিলের ২১ তারিখ সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। এপ্রিলের ২৮ তারিখ সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে রশিদ খানদের। আশিস নেহরার প্রশিক্ষণাধীন গুজরাত টাইটান্স ২ মে শুক্রবার আমেদাবাদে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
মে মাসের ৬ তারিখ মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্স অ্যাওয়ে ম্যাচ খেলবে। ১১ মে রবিবার দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টাইটান্সের অ্যাওয়ে ম্য়াচ। ১৪ মে বুধবার আমেদাবাদে গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১৮ মে রবিবার বিকেল সাড়ে তিনটেয় লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে গুজরাত টাইটান্স। আমেদাবাদে সেই ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications