IPL 2025: গুজরাত টাইটান্স নিলাম থেকে নিল ৩ মার্কি! শুভমান গিলের দলে মিডল অর্ডার তারকাহীন
IPL 2025: আইপিএলে ২০২২ সালে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিয়েছিল গুজরাত টাইটান্স। পরের বছর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বেই রানার-আপ। তবে চলতি বছর শুভমান গিলের নেতৃত্বাধীন টাইটান্স প্লে-অফেই যেতে পারেনি।
স্বাভাবিকভাবেই আইপিএল নিলামে সকলের নজর ছিল গুজরাত টাইটান্সের দিকে। রিটেনশন ও নিলাম পর্বের শেষে ৭ বিদেশি-সহ ২৫ জনের দল গঠন করল গুজরাত টাইটান্স।

রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে ধরে রেখেছিল টাইটান্স। রশিদ খান প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে থাকলেও গিলই অধিনায়কত্ব করবেন। এবারের নিলাম থেকে ১২ জনের মধ্যে তিন মার্কিকেই তুলে নিয়েছে গুজরাত টাইটান্স।
জস বাটলার, মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডা এবার থেকে গুজরাত টাইটান্সে খেলবেন। ঋদ্ধিমান সাহা অবসর নিয়েছেন। উইকেটকিপার ঋদ্ধিই ওপেন করতেন। এবার থেকে শুভমানের ওপেনিং পার্টনার হবেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার বাটলার।
শামিকে এবার ধরে রাখেনি গুজরাত টাইটান্স। সিরাজ, রাবাডার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণকেও নেওয়ায় বেশ সমীহযোগ্য টাইটান্স। মিডল অর্ডারে তারকা ব্যাটার নেই। তবে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের উপর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অনেকটাই নির্ভরশীল থাকবে টাইটান্স।
গুজরাত টাইটান্সে বিশেষজ্ঞ ব্যাটাররা হলেন শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শেরফান রাদারফোর্ড। উইকেটকিপার হিসেবে রয়েছেন জস বাটলার, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত। পেস বোলিং অলরাউন্ডার মাত্র দুজন- আরশাদ খান ও করিম জানাত।
স্পিন বোলিং অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, এম শাহরুখ খান, মহীপাল লোমরর, নিশান্ত সিন্ধু, জয়ন্ত যাদব ও গ্লেন ফিলিপস। মানব সুথার ও সাই কিশোর আছেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। রাবাডা, সিরাজ, প্রসিদ্ধর সঙ্গে জেরাল্ড কোয়েটজি, গুরনুর ব্রার, ইশান্ত শর্মা, কুলবন্ত খেজরোলিয়ার মতো পেসারদের নিয়েছে গুজরাত টাইটান্স।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ গুজরাত টাইটান্সের সম্ভাব্য ১২- জস বাটলার (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড বা গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, এম শাহরুখ খান, রশিদ খান, আরশাদ খান বা সাই কিশোর বা মহীপাল লোমরর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।












Click it and Unblock the Notifications