IPL 2025: রাজস্থান-চেন্নাই ম্যাচেও কি ধোনি নামবেন নয়ে? কোন ব্যাটিং পজিশনে সবচেয়ে সফল মাহি?
IPL 2025: আইপিএলে আজ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংস খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ফোকাসে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পজিশন।
ধোনি চিপকে আরসিবি ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন নয় নম্বরে। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার, চলতি আইপিএলে প্রথম। তা নিয়েই নানা মুনির নানা মত।

ধোনির প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে ধারাভাষ্যকার, বিশ্লেষকদের উপলব্ধি, প্রাক্তন সিএসকে অধিনায়ক নয়ে নামলে আখেরে দলের কোনও লাভ হবে না। কেন ধোনি আগের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের পর ব্যাট করতে নামলেন সেটাই কারও বোধগম্য হচ্ছে না।
১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস যখন ১৫.২ ওভারে ৯৯ রানে সাত উইকেট হারিয়েছে তখন নামেন ধোনি। ধোনির ব্য়াটিং দেখার উন্মুখ হয়ে থাকেন সিএসকে ও মাহির ভক্তরা। তাঁদের হতাশ করেননি ধোনি। ম্যাচ ততক্ষণে হাতের বাইরে থাকলেও ধোনির ক্যামিও যেন কিছুটা সান্ত্বনা।
#MSDhoni on the charge! ⚡
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025
Entertainment gone? 'Definitely Not'! 💛#IPLonJioStar 👉 #CSKvRCB | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 3 & JioHotstar! pic.twitter.com/JAEqYxGfcB
ধোনি ১৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে। শেষ ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার প্রথম দুই বলে কোনও রান পাননি। পরের দুটি বলে ছয় হাঁকান। শেষ বলে মারেন চার। তাতে হারের ব্যবধান কমলেও ধোনির নয়ে নামা সিংহভাগেরই সমর্থন পাচ্ছে না।
বিশেষজ্ঞদের যুক্তি, ধোনি যদি ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামেন তাতে তা নেট রান রেট ভালো জায়গায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক হবে। এই আবহে আজ ধোনি কত নম্বরে নামবেন সেদিকেই রয়েছে সকলের নজর। সেই সঙ্গে নজর রাখা যাক পরিসংখ্যানে, যাতে স্পষ্ট হবে কত নম্বরে ধোনি সবচেয়ে সফল।
স্টার স্পোর্টসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৮ সাল থেকে ধরলে ধোনি সবচেয়ে বেশি রান করেছেন পাঁচে নেমে। আবার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি আটে। পাঁচ নম্বরে ধোনি খেলেছেন ২১ ইনিংসে, রান করেছেন ৫২৫, স্ট্রাইক রেট ১৩৬। অপরাজিত থেকেছেন ১১ বার, তার মধ্যে ৮ বার জিতেছে সিএসকে।
২০১৮ থেকে ধরলে আইপিএলে ছয়ে ধোনি নেমেছেন ২৩ ইনিংসে, রান করেছেন ৪৫১। স্ট্রাইক রেট ১৩৩, ১৩ বার অপরাজিত থেকেছেন, যার মধ্যে চেন্নাই জিতেছে ৮ বার। সাতে নেমে ধোনি খেলেছেন ১৬টি ইনিংস। রান ২৩১, স্ট্রাইক রেট ১৩৮। ৮ বার অপরাজিত থেকেছেন, চেন্নাইয়ের জয় ২টিতে।
ধোনি আইপিএলে আট নম্বরে ২০১৮ সাল থেকে নেমেছেন ১১ বার। রান করেছেন ১৯৭। স্ট্রাইক রেট ২১৭। অপরাজিত থেকেছেন ৮ বার। তিনি অপরাজিত থেকেছেন এবং চেন্নাই জিতেছে ২ বার।












Click it and Unblock the Notifications