IPL 2025 Exclusive: ইডেনে সানরাইজার্সের তুরুপের তাস জিশান খেলেছেন কলকাতা ময়দানে, হাঁকিয়েছেন শতরানও
IPL 2025 Exclusive: জিশান আনসারি। আজ ইডেনের স্পিন-সহায়ক বাইশ গজে হতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের বড় বাজি।
আইপিএল অভিষেকেই চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছেন। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের কাছে সানরাইজার্স হেরে গেলেও সেই ম্যাচে ৪২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন জিশান।

নিশ্চিতভাবেই আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিশান থাকবেন অরেঞ্জ আর্মির একাদশে। কে বলতে পারে এই ইডেনে আজ তিনিই হয়ে উঠতে পারেন বল হাতে নায়ক। কিংবা প্রয়োজনে ব্যাট হাতে। সানরাইজার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপে হয়তো ব্যাটার জিশানের প্রয়োজন খুব একটা পড়ছে না। কিন্তু জিশানের ব্যাটিং দক্ষতাও হেলাফেলার নয়।
আইপিএল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ যে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন জিশান, ঠিক তার বিপরীতে ঢিল ছোড়া দূরত্বে কাস্টমস ক্লাবের হয়ে কলকাতা ময়দানে বেশ কয়েকটি ম্যাচ খেলে গিয়েছেন জিশান। গত বছরই। স্বাভাবিকভাবেই জিশানের উত্থানে গর্বিত সুজন মুখোপাধ্যায়, নীলাম্বর সাহা-সহ কাস্টমস ক্লাবের কর্তারা।
মহম্মদ শামিও রয়েছেন সানরাইজার্সে। শামির উত্থানের নেপথ্যেও রয়েছে বঙ্গ ক্রিকেটের ভূমিকা। শামি বাংলার হয়ে খেললেও জিশান কিন্তু খেলেছেন উত্তরপ্রদেশের হয়ে। নিজের রাজ্যে খেলাই তাঁর প্রথম পছন্দ। অনূর্ধ্ব ১৯ দলে থাকাকালীন রাহুল দ্রাবিড়ের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন জিশান। খেলেছেন ঈশান কিষাণ, ঋষভ পন্থ, সরফরাজ খানদের সঙ্গে।
জিশানের রঞ্জি অভিষেক হয়েছিল ২০১৭ সালে সুরেশ রায়নার নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের হয়ে, রেলওয়েজের বিরুদ্ধে। যদিও ২০২০ সালে তামিলনাড়ু ম্যাচের পর আর রঞ্জি খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে উত্তরপ্রদেশের হয়ে একটিই টি২০ ম্যাচ খেলেছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫টি ম্যাচে জিশানের ১৭টি উইকেট রয়েছে। টি২০-তে ২ ম্যাচে তিন উইকেট। দিল্লি ক্যাপিটালসের তিনটি উইকেটই ফেলতে সক্ষম হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তিনটি উইকেটই পান জিশান। ৪ ওভারে ৪২ রান দিয়ে তিনি ফেরান ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও লোকেশ রাহুলকে। রাহুলকে বোল্ড করেন দুরন্ত ডেলিভারিতে।
Zeeshan Ansari shines on his IPL debut with 3/42, dismissing Faf, JFM, and KL Rahul.
— ཌI°•ѴƖѴᏋᏦ•°Iད (@Vivekkeshwani8) March 31, 2025
pic.twitter.com/ZEv9n7Q5TS
জিশান আইপিএলের স্কাউটদের নজরে পড়েন ইউপি টি২০ লিগে ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়ে, ইকনমি ৭.৬০। মেরঠ মাভেরিকসের হয়ে। হাই স্কোরিং ফাইনালে তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। আউট করেছিলেন শৌর্য সিংকে।
জিশানকে কলকাতা ময়দানে খেলানোর নেপথ্যে রয়েছেন কাস্টমস ক্লাবের নীলাম্বর সাহা। যিনি বর্তমানে শিলংয়ে কাস্টমসের সহকারী কমিশনার পদে কর্মরত। নীলাম্বর ওয়ানইন্ডিয়াকে বলেন, ক্রিকেটার শুভম চৌবের মাধ্যমে জিশানের সঙ্গে যোগাযোগ করি। আমাদের কোচ ছিলেন রাহুল দেব। তিনিও রেলওয়েজের কারও মাধ্যমে জিশানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন।
নীলাম্বরের কথায়, জিশান খুব ভদ্র ছেলে। আমাদের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন। ২-৩টি ম্যাচে তো খুবই ভালো খেলেছিলেন। ভবানীপুরের বিরুদ্ধে শতরানও করেছিলেন। সুরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে দারুণ জুটি বেঁধে। ওই ম্যাচে আমরা ৮ পয়েন্ট পাই।
নীলাম্বর এদিন আরও বলেন, সানরাইজার্সের হয়ে বোলার হিসেবে দারুণ সাফল্য পাচ্ছেন জিশান। কিন্তু কাস্টমসে আমরা বোলার জিশানের উল্লেখযোগ্য পারফরম্যান্স পাইনি। ব্যাটের হাত ভালো। ব্যাটিংয়ে আরও মনোনিবেশ করলে কার্যকরী অলরাউন্ডার হতে পারেন।
জিশান সব সময় অগ্রাধিকার দিয়েছেন নিজের রাজ্যে খেলাকেই। নিশ্চিতভাবেই আইপিএলে ভালো পারফর্ম করলে উত্তরপ্রদেশ দলেও জায়গা পাকা করে ফেলতে পারেন। ভবিষ্যতে কি কাস্টমসে জিশানকে দেখা যাবে? প্রাক্তন ক্রিকেটার নীলাম্বর বললেন, আমি আপাতত পোস্টিং রয়েছি শিলংয়ে। এবার দল দেখার দায়িত্বে নেই। ফলে ঠিক বলতে পারব না। এরপর কলকাতায় ফিরলে দল দেখভালের করব।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে সানরাইজার্সের হয়ে মাঝের ওভারে বল করতে দেখা গিয়েছে জিশানকে। তবে ডেথ ওভারেও তিনি বল করতে পারদর্শী। ব্যাটারদের সমস্যায় ফেলতে তাঁর বড় অস্ত্র গুগলি। আজ ইডেনে তিনি যে পিচে বল করবেন তা তৈরি করেছেন সুজন মুখোপাধ্যায়। তিনিও কাস্টমস ক্লাবের গর্ব, অন্যতম কর্তা। সবমিলিয়ে আজ জিশানের দিকে সকলের যখন নজর থাকবে, সেখানে বিশেষভাবে নজর থাকবে কাস্টমস ক্লাবের। যে ক্লাবের কর্তাদের জহুরির চোখ ময়দানে খেলার সুযোগ করে দিয়েছিল জিশানকে। জিশানের উত্থানে তাই জড়িয়ে কলকাতাও।












Click it and Unblock the Notifications