IPL 2025 Exclusive: ঋষভ পন্থকে রেখে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস, রিকি পন্টিংয়ের দাবি নিয়ে মুখ খুললেন সৌরভ
IPL 2025 Exclusive: আইপিএলে দিল্লি ক্যাপিটালস রেখে দিচ্ছে ঋষভ পন্থকে। হেড কোচ হিসেবে রিকি পন্টিং সরার পর পন্থকে নিয়েও তুঙ্গে উঠেছিল চর্চা।
ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, পন্থ থাকছেন দিল্লি ক্যাপিটালসেই।

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এক বছরেরও বেশি মাঠের বাইরে থাকতে হয়েছে পন্থকে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করেন আইপিএলেই। দিল্লি ক্যাপিটালস প্লে-অফে যেতে না পারলেও পন্থের পারফরম্যান্স দেখে তাঁকে টি২০ বিশ্বকাপেও রাখেন নির্বাচকরা।
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীন দিল্লি ক্যাপিটালসের শিবির হয়েছিল কলকাতায়। তখন পন্থের ফিটনেস দেখে সকলেই সন্দিহান থাকলেও সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, পন্থ যেভাবে নিজেকে প্রস্তুত করছেন তাতে তিনি আইপিএল খেলবেন এবং ক্যাপ্টেন্সিও করবেন।
সৌরভের কথা হুবহু মিলে যায়। আইপিএলের আগে এমনও শোনা গিয়েছিল পন্থ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন, ব্যাটিং করবেন। কিন্তু পন্থ উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিং করেছেন। টি২০ বিশ্বকাপে তাঁর কিপিং, ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরা মুগ্ধ করে বিশেষজ্ঞদের।
পন্থ গত আইপিএলে ১৩ ম্যাচে ৪৪৬ রান করেন। তিনটি অর্ধশতরান-সহ। টি২০ বিশ্বকাপেও নজরকাড়া ব্যাটিং করেন। সেই পন্থ দিল্লি ক্যাপিটালস ছা়ড়তে চলেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে। এমনকী পন্থ চেন্নাই সুপার কিংসে চলে যেতে পারেন বলেও তুঙ্গে ওঠে চর্চা।
আজ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন অধিনায়ক পন্থ দিল্লি ক্যাপিটালসেই থাকছেন। ফলে যাবতীয় জল্পনায় ইতি পড়ল। তবে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে বৈঠক হয়নি বলেই দাবি সৌরভের।
পন্টিং সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, দিল্লি ক্যাপিটালস এমন একজন ভারতীয় কোচ চাইছে যিনি অফ-সিজনেও দলের ক্রিকেটারদের সময় দিতে পারবেন। ভারতীয় ঘরোয়া ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল কাউকেই নাকি কোচ করতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের কর্তারা।
ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ নিজেই হেড কোচ হতে পারেন বলেও জল্পনা চলছে। তবে ওয়ানইন্ডিয়া বাংলাকে সৌরভ আগে জানিয়েছেন, তিনি হেড কোচের দায়িত্ব নিতে চান না। যদিও অন্যতম কর্ণধার পার্থ জিন্দল-সহ দিল্লি ক্যাপিটালসের কর্মকর্তাদের অনুরোধ সৌরভ ফেলতে পারবেন কিনা সেটাও বড় প্রশ্ন।
সৌরভকে আজ হেড কোচ নিয়ে পন্টিংয়ের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও আমাদের বৈঠক হয়নি। পন্টিংয়ের বক্তব্য আমি শুনেছি। তিনি সেভাবে ভারতীয় কোচ বলতে চাননি। যিনি ভারতে ক্রিকেটারদের বেশি সময় দিতে পারবেন সেটাই বলতে চেয়েছেন।
নিজের কোচ হওয়া নিয়ে সৌরভ আপাতত স্পিকটি নট। সৌরভের বক্তব্যে আজ এমন আভাসও মিলল যে, বিদেশি কেউ যদি ভারতে বেশি সময় দিতে রাজি থাকেন, তেমন কাউকেই বাছা হতে পারে। ফলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ নিয়ে জল্পনা আপাতত থামছে না।












Click it and Unblock the Notifications