IPL 2025 Exclusive: ঈশানের শতরানে পরিণত ইনিংসের ছাপ স্পষ্ট, বিশ্লেষণে ছোটবেলার কোচ উত্তম মজুমদার
IPL 2025 Exclusive: আইপিএল কেরিয়ারের দশম মরশুমে এসে ১০৬তম ম্যাচে প্রথম শতরান হাঁকালেন ঈশান কিষাণ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
তিনে নেমে খেললেন দায়িত্বশীল ইনিংস। পরিণত, অভিজ্ঞ ব্যাটিংয়ে মন জিতলেন পরিবারের, ছোটবেলার কোচেরও।

ঈশান কিষাণকে তৈরি করেছেন কারিগর উত্তম মজুমদার। তিলে তিলে মনের জোর বাড়িয়ে, কঠোর অনুশীলন করিয়ে পৌঁছে দেন আন্তর্জাতিক ক্রিকেটে। বর্তমানে ভারতীয় দলে ও বোর্ডের বার্ষিক চুক্তিতে ব্রাত্য থাকলেও কিষাণ অদূর ভবিষ্যতেই জাতীয় দলে কামব্যাক করবেন বলে আশাবাদী উত্তম।
ঈশান ও উত্তমের পরিবারের সকলেই একে অপরকে নিজেদের পরিবারের সদস্য বলে মনে করেন। গতকাল খেলার পর ঈশানের মা ফোন করেছিলেন উত্তমের সঙ্গে। তাঁর কথায়, এমন ইনিংস অভাবনীয়। মাঝে খারাপ সময় কাটানো ঈশানের এই শতরান তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে বলে বিশ্বাস কিষাণের মা থেকে শুরু করে কোচ- সকলেরই।
ওয়ানইন্ডিয়া বাংলাকে উত্তম মজুমদার বলেন, অনেকদিন পর খুব আনন্দ করলাম। আমাদের মধ্যে পারিবারিক বন্ধন রয়েছে। ঈশান বিভিন্ন জায়গায় ব্যাট করতে পারেন। ওপেন থেকে ছয় নম্বরে ব্যাট করেছেন। ভারতীয় দলেও বিভিন্ন পজিশনে খেলেছেন। তবে তিন নম্বর ভালো এ কারণেই সেখানে যেমন রানের জন্য মারতে হয়, আবার উইকেট পড়লে ক্রিজে থেকে রান করার সুযোগ থাকে।
ঈশানের গতকালের ইনিংসকে পরিণত ও অভিজ্ঞ বলে বর্ণনা করছেন উত্তম। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স যে ঈশানের আত্মবিশ্বাস বাড়িয়েছে তা আইপিএলের প্রথম শতরানের ইনিংসেই প্রতিফলিত। সানরাইজার্সের হয়ে প্রস্তুতি ম্যাচেও ঈশান যে দুরন্ত ছন্দে ছিলেন, সেটাই গতকালের ইনিংস খেলার ক্ষেত্রে মনোবল বাড়িয়েছিল।
উত্তম বলেন, এখন অনেক বেশি ধৈর্য্য দেখাচ্ছেন ঈশান। শেষ বলেও ছয় মারার চেষ্টা না করে চার মেরেছেন গ্যাপে বল ঠেলে। গ্যাপ দিয়ে যে শটগুলি খেলে তা সব পারফেক্ট। স্ট্রাইক রোটেট করে সতীর্থদের খেলার সুযোগ করে দিচ্ছেন। ঈশানের শট খেলায় ভাবনার স্বচ্ছতা দেখা যাচ্ছে।
উত্তমের কথায়, ঈশানের ব্যাট স্পিড সব সময় ভালো। বিভিন্ন রেঞ্জে শট খেলতে পারদর্শী। এখন ৩৬০ ডিগ্রি যে শটগুলি খেলছেন তা অসাধারণ। জোফ্রা আর্চারের এক ওভারে তিনটি ছয় মারেন কিষাণ। দুটি ডিপ কভারের উপর দিয়ে। এই দুটি শটই খুব ভালো লেগেছে উত্তমের। তৃপ্তি পেয়েছেন ফের ঈশান সাবলীল ব্যাটিং করায়।












Click it and Unblock the Notifications