IPL 2025 Exclusive: বিজেপি বাংলায় সরকার গড়লে কেকেআরকে...! চাঞ্চল্যকর নিয়মের বার্তা দিলেন অশোক দিন্দা
IPL 2025 Exclusive: আইপিএলে এবারও কলকাতা নাইট রাইডার্সে ব্রাত্য বাংলার ক্রিকেটার। উমরান মালিক ছিটকে যাওয়ার পর নেওয়া হলো চেতন সাকারিয়াকে। কিন্তু বাংলার কাউকে নয়।
বাংলার ক্রিকেটার নেওয়ার বিষয়ে কেকেআরের অনীহার কারণ আজও বোধগম্য হয়নি অশোক দিন্দার। কেকেআরের প্রাক্তনী এখন রাজ্যের বিধায়ক। তিনি এদিন দিলেন বড় বার্তা।

দিন্দা ওয়ানইন্ডিয়াকে বলেন, কেকেআরে বাংলার প্লেয়ার কোথায়? ২০০৯, ২০১০-এর পর বাংলার কাউকে সেভাবে কেকেআরে দেখাই যায়নি। যদিও বাংলার ক্রিকেটাররা আইপিএলে অন্য দলগুলিতে খেলছেন। পারফরম্যান্স করছেন। চুটিয়ে আইপিএল খেললেও তাঁদের কেকেআর সুযোগ দেওয়া হয় না।
দিন্দার কথায়, সমস্ত দল স্থানীয় ক্রিকেটারদের দলে নেয়। কিন্তু কেকেআর সংশ্লিষ্ট ক্রিকেটারদের নিয়ে শক্তি বৃদ্ধিতে আগ্রহী নয়। কেকেআর বাইরের প্লেয়ারদের উপরই বিশ্বাস করে। তাঁরা বাইরে থেকে আসেন, বাইরেই চলে যান। বাংলার ক্রিকেটারদের জন্য কেকেআর কেন বিড করে না, তা জানি না।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি কোমর বাঁধছে সরকার গঠনের জন্য। বিজেপি বিধায়ক দিন্দা বলেন, বিজেপি এ রাজ্যে সরকার গড়লে নিয়ম করা হবে যাতে কেকেআর অন্তত বাংলার তিনজন ক্রিকেটার দলে নেয়। অগাধ টাকা দিয়ে নিতে হবে না। তবে বাংলার ক্রিকেটারদের নিলে আইপিএলের অভিজ্ঞতায় তাঁদের উন্নতি হবে, অনেক কিছু শেখার সুযোগ পাবেন। প্রচুর প্লেয়ার উঠে আসবেন। যা বাংলার ক্রিকেটের পক্ষেই ভালো হবে।
কলকাতা নাইট রাইডার্স এবার নামছে খেতাব ধরে রাখার লক্ষ্যে। দিন্দা বলেন, খাতায়-কলমে ভালো দল হলে চলে না। পারফরম্যান্স করতে হবে। আইপিএলে প্রতিটি দলই ভালো। যে যেভাবে খেলবে সেটাই মূল বিষয়। মোমেন্টাম ধরে রাখা জরুরি। প্রথম কয়েকটি ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।
দিন্দা বলেন, কেকেআর ভালো প্লেয়ারদের নিয়েছে। দারুণ টিম। তবে ফ্যাক্টর হবে মোমেন্টাম। অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবেন। তিনি আগেও আইপিএলে অধিনায়কত্ব করেছেন। কেকেআরের মূল বোলার সুনীল নারিন। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা রয়েছেন। তবে কারও একার উপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না। সবাইকে অবদান রাখতে হয়। গোটা বোলিং ইউনিট ভালো করলে তবে ম্যাচ জেতা যাবে।
সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর ৮ ওভার প্রতিপক্ষ ব্যাটারদের বাড়তি ভাবনাচিন্তা করতে বাধ্য করবে বলে মত দিন্দার। তিনি মনে করেন, পাওয়ারপ্লে-র চার-পাঁচ ওভার পেসাররা করবেন। ডেথ ওভারও গুরুত্বপূর্ণ। সেখানে কার্যকরী হতে পারেন আন্দ্রে রাসেল। সামগ্রিকভাবে কেকেআরের বোলিং শক্তিতে দুর্বলতা দেখছেন না দিন্দা।
গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে এসেছেন ডোয়েন ব্র্যাভো। দিন্দা বলেন, গম্ভীর অবশ্যই বিগ ফ্যাক্টর। তবে ব্র্যাভোও মজাদার। দেখতে হবে ক্রিকেটারদের মানসিকভাবে তৈরি করতে তিনি কতটা, কীভাবে কাজ করবেন। অবশ্যই গম্ভীর ও ব্র্যাভোর কাজের ধরন আলাদা হবে। এবারের আইপিএলের বাকি দলগুলিও ভালো প্লেয়ারদের নিয়েছে। ফলে হাড্ডাহাড্ডি আইপিএলের অপেক্ষাই করছি।












Click it and Unblock the Notifications