IPL 2025: কেকেআরের ম্যাচে খালি ইডেনের অধিকাংশ আসন! দর্শক না হওয়ার নেপথ্যের কারণ জানলে অবাক হবেন
আইপিএলের প্রথম ম্যাচে বিরাট উন্মাদনায় ভেসেছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে চলতি মরশুমের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল। ক্রিকেটের নন্দন কানন প্রায় পূর্ণ ছিল। কিন্তু বৃহস্পতিবারের কেকেআর-সানরাইজার্স ম্যাচে ইডেন গার্ডেন্স পুরো ভরল না। অধিকাংশ আসন ফাঁকা থাকল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ইডেনের অর্ধেক আসন ফাঁকা থাকল।
বৃহস্পতিবার রাত নটার সময় সিএবির পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয় ম্যাচের দর্শক সংখ্যা ৩৪০০০। ইডেনের আসন সংখ্যা ৬৭ হাজারের কাছাকাছি, অথচ আইপিএলের মেগা ম্যাচে দর্শক এলো মাত্র ৩৪ হাজার। কিন্তু কেন কেকেআরের ম্যাচেও ইডেনের দর্শক আসনের বেশিরভাগ অংশ ফাঁকা থাকল? নেপথ্যে রয়েছে কোন কারণগুলি? তুলে ধরল এই প্রতিবেদনে।

প্রথমে উল্লেখ করতে হবে টিকিটের দাম বৃদ্ধি। কারণ চলতি মরশুমে প্রথম দুটি ম্যাচে টিকিটের দাম ব্যাপক বৃদ্ধি হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৯০০ টাকা। যা গতবারের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে দেড়শো টাকা বেশি। টিকিটের সর্বোচ্চ দাম ৩৫০০০ হাজার টাকা। শুধু টিকিটের সর্বনিম্ন দামই বৃদ্ধি পায়নি একইসঙ্গে কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বৃদ্ধি পেয়েছে।
দামবৃদ্ধির যে ভালোই প্রভাব পড়েছে সেটা সানরাইজার্স ম্যাচেই প্রমাণিত হল। প্রথম ম্যাচ ছিল আরসিবির বিরুদ্ধে। সেই ম্যাচে বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার খেলেছিলেন, পাশাপাশি দিশা পাটানি, শ্রেয়া ঘোষালদের অনুষ্ঠান দেখার জন্য একটা উন্মাদনা ছিল ফলে বাড়তি টাকা খরচ করেও টিকিট কেটেছিলেন দর্শকরা। তারপর সেটা ছিল শনিবার, বেশিরভাগদেরই ছুটির দিন।
সানরাইজার্স ম্যাচ ছিল বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে কাজের দিনে দর্শকদের পক্ষে মাঠে যাওয়া কঠিন থাকে তারই প্রভাব দেখা গেল ম্যাচে। পাশাপাশি অভিযোগ উঠছে ব্ল্যাক মার্কেটিংয়েরও কারণ ৯০০ টাকার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে না। টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ৯০০ টাকার টিকিট শেষ হয়ে গিয়েছে দেখাচ্ছে। অভিযোগ, এই টিকিটগুলি কালোবাজারিতে বিক্রি হচ্ছে চড়া দামে।
৯০০ টাকা টিকিটের দাম কালো বাজারে বিক্রি হচ্ছে তিন হাজার টাকাতেও। সাধারণ মানুষের পক্ষে যা ধরা ছোঁয়ার বাইরে। পাশাপাশি আইপিএলের ম্যাচের টিকিটের নিয়ন্ত্রণ থাকে কেকেআরের হাতে। সাধারণত আন্তর্জাতিক ম্যাচগুলির ক্ষেত্রে সিএবি কর্তাদের হাতে টিকিটের রাশ অনেকটাই থাকে। এর ফলে তারা কমপ্লিমেন্টারি টিকিট ক্লাবগুলিকে এবং সহযোগী সংস্থাগুলিকে দিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে কর্তাদের হাতে সেভাবে টিকিট নেই। ফলে কর্তারাও টিকিট দিতে পারছেন না।
আসলে টিকিটের পুরোটাই নিয়ন্ত্রণ করছে কেকেআর এবং টিকিট বিক্রিকারী সংস্থা। এমনকি প্রাইস টিকিটও পাওয়া যাচ্ছে না সিএবি কর্তাদের থেকে। এখন প্রশ্ন হচ্ছে ইডেনের দর্শক না হওয়ায় দায় কার? সানরাইজার্স ম্যাচে গ্যালারির যে চিত্র দেখা গেল তা ইডেনের নামের সঙ্গে মানানসই নয়।
আগামী ৮ তারিখ লখউয়ের বিরুদ্ধে পরের ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচে টিকিটের দাম করলেও মানুষের আগ্রহ কম।। ফলে টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে হবে। অতিরিক্ত মুনাফার লোভে কেকেআর বা টিকিট বিক্রিকারী সংস্থার নীতি বুমেরাং হচ্ছে। এখনই কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে।এই বিষয়ে আপাতত কোনও প্রতিক্রিয়া সিএবি কর্তাদের থেকে পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications