IPL 2025: রাজধানীতে ডুয়েল! দিল্লি ক্যাপিটালসের বিজয়রথ থামাতে কেমন দল সাজাবে মুম্বই ইন্ডিয়ান্স?
IPL 2025: আইপিএলে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।
দিল্লি ক্যাপিটালসই চলতি আইপিএলে একমাত্র দল যারা এখনও অপরাজেয়। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স চাইবে হারের হ্যাটট্রিক এড়াতে।

মুম্বই ইন্ডিয়ান্স পাঁচটি ম্যাচ খেলে ফেললেও জয় পেয়েছে মাত্র একটিতে। গত ৩১ মার্চ নিজেদের মাঠে কেকেআরকে হারালেও তার পরে দুটি ম্যাচে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও আরসিবির কাছে পরাস্ত হয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল।
আইপিএলে পারস্পরিক ৩৫টি দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে, দিল্লির জয় ১৬টিতে। গত বছরের আইপিএলে দুই দলই একটি করে ম্যাচে জিতেছিল। ২০২৩ সালে একমাত্র সাক্ষাতে জিতেছিল মুম্বই। ২০২২ সালেও দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল একে অপরের বিরুদ্ধে।
গত বছর অরুণ জেটলি স্টেডিয়ামেই দিল্লি ক্যাপিটালস ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলার পর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ১০ রানে। ম্যাচের সেরা হন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ২৭ বলে ৮৪ করেছিলেন। যদিও চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার একেবারেই ছন্দহীন।
Straight out of a 🌪️ movie#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #DCvMI pic.twitter.com/Tv7j3ILf9v
— Mumbai Indians (@mipaltan) April 11, 2025
গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন চলাকালীন ধুলোর ঝড় উঠেছিল। তাতে তাপমাত্রা খানিকটা কমেছে। যদিও কালকের ম্যাচ বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা নেই। মনে করা হচ্ছে, কালকের ম্যাচেও ব্যাটিং সহায়ক উইকেট থাকবে, ম্যাচ হতে পারে হাই স্কোরিং।
পারস্পরিক দ্বৈরথের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স এগিয়ে থাকলেও হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯-৫ ব্যবধানে এগিয়ে রয়েছে দিল্লি। অক্ষর প্যাটেলরা চাইবেন জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। ইতিমধ্যেই দিল্লির প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলের প্রথম ৪ ম্যাচে জয় পেয়েছেন অক্ষর।
দুই দলের একাদশেই রদবদলের সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে রদবদল হতে পারে। যেমন মুম্বই ইন্ডিয়ান্স তিলক বর্মাকে নামাতে পারে তিন নম্বরে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাকস, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট সাব- ভিগনেশ পুথুর।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার। ইমপ্যাক্ট সাব- মোহিত শর্মা।












Click it and Unblock the Notifications