IPL Stats: চেন্নাই সুপার কিংসের বড় সমস্যা রান তাড়া করার ক্ষেত্রে, শোধরাতে না পারলে সমূহ বিপদ
IPL Stats: আইপিএলে যুগ্ম সফলতম দল চেন্নাই সুপার কিংস। যদিও তাদের যে সমস্যা বড় আকারে সামনে আসছে তা হলো, রান তাড়া করা।
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস রান তাড়া করতে গিয়ে তিনটির মধ্যে দুটিতেই হেরেছে। ২০১৯ সালের পর থেকে চেন্নাই সুপার কিংস ১৮০ বা তার রানের বেশি রান তাড়া করে জিততেও পারেনি।

প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইয়ে ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছিল চেন্নাই সুপার কিংস। এরপর নিজেদের মাঠেই আরসিবির দেওয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৫০ রানে হেরে যায় ঋতুরাজ গায়কোয়াড়ের দল।
গতকাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস প্রথম জয় পেল। আগের দুটি ম্যাচ হারার পর। রাজস্থান রয়্যালস ১৮৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। সেই ম্যাচেও চেন্নাই সুপার কিংস হেরে যায় ৬ রানে। এরপর শনিবার তাদের ম্যাচ নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
Tu-Sher our Yaar! 🦁🫂💛#RRvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/019UCcXa0Y
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2025
চেন্নাই সুপার কিংস আপাতত পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৭৭১। তিন ম্যাচে সংগ্রহে ২ পয়েন্ট। দেখা যাচ্ছে, পরে ব্য়াট করতে হলেই সমস্যা হচ্ছে সিএসকের।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পরিসংখ্যানবিদের তথ্য অনুযায়ী, চেন্নাই সুপার কিংস আইপিএলে ১১১ বার রান তাড়া করেছে। তার মধ্যে জিতেছে ৬৯টিতে, হেরেছে ৪০টিতে। একটি ম্যাচ টাই হয়েছিল, একটি পরিত্যক্ত।
১৮০-র বেশি রানের টার্গেট হলেই সমস্যা বাড়ে সিএসকের। আইপিএলে ১৮০-র বেশি রান সিএসকে তাড়া করেছে ২০ বার। জিতেছে ১২টিতে, হেরেছে ৮টিতে। সাম্প্রতিককালে ম্যাচগুলিতে জেতার চেয়ে হারের সংখ্যা বেশি।
২০২২ থেকে দেখলে চেন্নাই সুপার কিংস ১৭৫ বা তার বেশি রানের টার্গেট তাড়া করতে নেমে টানা ৯টি ম্যাচে হেরেছে। ২০২২ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮৮ ও ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস তোলে যথাক্রমে ৬ উইকেটে ১৭৬ এবং ১২৬ অল-আউট (১৮ ওভারে)।
২০২৩ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যথাক্রমে ২০৩ ও ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস পরাস্ত হয়েছিল যথাক্রমে ৩২ ও ৩ রানে। গত বছর আরসিবির দেওয়া ২১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ৭ উইকেটে ১৯১ তুলেছিল।
গত বছর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস পৌঁছেছিল ৮ উইকেটে ১৯৬ রানে। এ ছাড়া দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ রানে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। তার সঙ্গে এবারের দুটি ম্যাচ যোগ হলো।
২০১৯ সালে শেষবার চেন্নাই সুপার কিংস ১৭৫ রানের বেশি টার্গেট তাড়া করতে নেমে জিতেছিল। সেবার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭৬ রানের লক্ষ্যমাত্রায় সিএসকে পৌঁছেছিল ১ বল বাকি থাকতে। জয় এসেছিল ৬ উইকেটে।












Click it and Unblock the Notifications