IPL 2025: বিসিসিআই আইপিএলে ফেরাচ্ছে পুরানো নিয়ম? মহেন্দ্র সিং ধোনির খেলার সম্ভাবনা উজ্জ্বল
IPL 2025: আইপিএলে আরও একটি মরশুম কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। ধোনি এখনও আইপিএল থেকে অবসর নেননি।
এই আবহে বিসিসিআই আইপিএলে রিটেনশনের পুরানো নিয়ম ফেরাতে চলেছে বলে দাবি ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে। আর তাতেই মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখতে সুবিধা হবে চেন্নাই সুপার কিংসের।

আইপিএলে নিয়ম ছিল যদি কোনও ক্রিকেটার পাঁচ বা তার বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে তাঁকে গণ্য করা হবে আনক্যাপড প্লেয়ার হিসেবে। ধোনি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
সম্প্রতি ধোনি জানিয়েছিলেন, তিনি পরের আইপিএলে খেলবেন, নাকি খেলবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন রিটেনশন সংক্রান্ত নিয়ম কী থাকে তা দেখে নিয়েই। সর্বোপরি দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ধোনি।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, ২০২১ সালে রিটেনশন সংক্রান্ত নিয়মটি তুলে দেওয়া হলেও এবার তা ফেরানো হচ্ছে। আইপিএলের প্রথম থেকেই ওই নিয়ম চালু ছিল। কিন্তু বছর তিন আগে তা তুলে দেওয়া হয়েছিল।
সম্প্রতি ১০টি দলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানে চেন্নাই সুপার কিংস ওই নিয়ম ফেরানোর পক্ষে সওয়াল করে। বাকিরা তেমন কিছু না ভাবলেও এই নিয়ম ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বিসিসিআই কর্তারা।
এই নিয়ম ফের লাগু হলে চেন্নাই সুপার কিংস তাদের কোর টিম ধরে রাখতেও সক্ষম হবে। সেক্ষেত্রে ধোনিকে ৪ কোটি টাকার বিনিময়ে রেখে দিতে পারবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ২০২২ সালের নিলামে ধোনিকে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল সিএসকে। ধোনি নিজেই কম পরিমাণ অর্থে খেলতে রাজি হয়ে জাদেজাকে বেশি অর্থপ্রাপ্তির দিকে এগিয়ে দিয়েছিলেন।
তবে ধোনি আনক্যাপড হিসেবে খেলবেন কিনা, কিংবা তাঁকে আনক্যাপড হিসেবে গণ্য করা সঠিক কিনা এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রবিচন্দ্রন অশ্বিন ইউটিউব চ্যানেলে বলেছেন, ধোনি অবসর নিয়েছেন, অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ফলে তিনি আনক্যাপড প্লেয়ার, ক্যাপড তো নন। তবে ধোনি আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলবেন কিনা সেটা নিয়ে চর্চা চলতেই পারে। ধোনিকে নিয়ে আলোচনা হলে এই বিষয়টিই গুরুত্ব পাবে।
তবে যাই হোক, বিসিসিআই নতুন নিয়ম যদি ফেরায়, চেন্নাই সুপার কিংস সেক্ষেত্রে পরিকল্পনামাফিক ধোনিকে ধরে রাখতে পারবে। যা ধোনি তথা চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য বড় খবর হতে চলেছে।












Click it and Unblock the Notifications