IPL 2025: অধিনায়ক হিসেবে ধোনির প্রত্যাবর্তনের ম্যাচে ব্যর্থ সিএসকের ব্যাটিং, কেকেআরের বিরুদ্ধে লজ্জার নজির
IPL 2025: আইপিএল-সহ টি২০ ক্রিকেটে দলগত সর্বনিম্ন স্কোরের লজ্জা আরও বাড়ল না ঠিকই। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজই সবচেয়ে কম রান তুলল চেন্নাই সুপার কিংস।
চিপকের মন্থর উইকেটে। সিএসকে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের ম্যাচে। কলকাতা নাইট রাইডার্সকে জেতার জন্য ১০৪ রানের টার্গেট দিল সিএসকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান তুলল ধোনির দল। যা সিএসকের দলগত তৃতীয় সর্বনিম্ন স্কোর।

টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে। আইপিএলের ইতিহাসে প্রথম আনক্যাপড অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, পিচ মন্থর আচরণ করতে পারে। ফলে তাঁর পরিকল্পনাই ছিল প্রথমে ব্য়াটিংয়ের।
যদিও চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের রোগ সারল না। সেই সঙ্গে রাহানে অধিনায়কত্বের নৈপুণ্য দেখালেন সময়োপযোগী বোলিং পরিবর্তনের মাধ্যমে। শুরু থেকেই কেকেআরের বোলাররা চাপে রেখে গেলেন চেন্নাই সুপার কিংসের ব্য়াটারদের।
প্রথম ৬ ওভারে সিএসকে ২ উইকেট হারিয়ে ৩১ রান তোলে। এই ৩৬ বলের ২০টি ডট বল। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আরও কঠিন পরিস্থিতিতে পড়ে মহেন্দ্র সিং ধোনির দল। এই সময়কালে পড়ে ৫ উইকেট, রান আসে মাত্র ৪৩।
রাচিন রবীন্দ্র ৯ বলে ৪, ডেভন কনওয়ে ১১ বলে ১২, রাহুল ত্রিপাঠী ২২ বলে ১৬, বিজয় শঙ্কর ২১ বলে ২৯, রবিচন্দ্রন অশ্বিন ৭ বলে ১, রবীন্দ্র জাদেজা ২ বলে ০, ইমপ্যাক্ট সাব দীপক হুডা ৪ বলে ০ রানে আউট হন। বিজয় শঙ্কর ০ ও ২০ রানে দুবার জীবন পান, সুনীল নারিন ও বেঙ্কটেশ আইয়ার ক্যাচ ফেলায়।
ধোনি এদিন নামেন নয় নম্বরে। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ধোনির ট্র্য়াক রেকর্ডের কথা মাথায় রেখেছিলেন রাহানে। ধোনি নেমে বরুণ চক্রবর্তীর বলে স্বস্তিতে ছিলেন না। মঈন আলির সঙ্গে পরামর্শ করে ১৬তম ওভারে নারিনকেই আক্রমণে আনেন রাহানে।
BIG WICKET! 🥵#SunilNarine dismisses #MSDhoni as #CSK lose a review! ☝
— Star Sports (@StarSportsIndia) April 11, 2025
Watch the LIVE action ➡ https://t.co/YPwDLdrTqi #IPLonJioStar 👉 #CSKvKKR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/W4OGlTl62O
এই ওভারের তৃতীয় বলে ধোনি ৪ বলে ১ রান করে লেগ বিফোর হয়ে যান। এই নিয়ে ধোনিকে টি২০-তে দ্বিতীয়বার আউট করলেন নারিন। নারিনের ৯১টি বল খেলে ধোনি ৪৮ রান করেছেন, আউট হলেন এই নিয়ে দ্বিতীয়বার। ১৭.২ ওভারে নূর আহমেদকে (৮ বলে ১) সাজঘরে ফেরান বৈভব অরোরা।
টি২০-তে চেন্নাই সুপার কিংসের সর্বনিম্ন স্কোর ছিল ২০১৩ সালে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫.২ ওভারে ৭৯ রানে অল-আউট হয়ে যাওয়া। সেই ম্যাচে হেরেছিল সিএসকে। তবে সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস রান তাড়া করছিল।
প্রথমে ব্যাট করে সিএসকের সর্বনিম্ন স্কোর ছিল ১৬ ওভারে ৯৭। ২০২২ সালে ওয়াংখেড়েতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই লজ্জার রেকর্ডও এদিন অক্ষত থাকল। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকের সর্বনিম্ন স্কোরের সাক্ষী থাকল চিপক।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এর আগে সিএসকের সর্বনিম্ন স্কোর ছিল ৪ উইকেটে ১১৪। ইডেনে সেই ম্যাচে প্রথমে ব্যাট করেছিল সিএসকে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্য়াচে জিতেছিল কেকেআর। আজ কেকেআর জিতলে চলতি আইপিএলে চিপকে হারের হ্যাটট্রিক হবে সিএসকের। শিবম দুবে পাঁচে নেমে ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকলেন।
সুনীল নারিন এদিন ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নিলেন। এই নিয়ে ১৬ বার তিনি চার ওভার করেও কোনও বাউন্ডারি হজম করেননি। মঈন আলি ১টি মেডেন-সহ ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২২ রান দিয়ে পেলেন ২টি উইকেট। হর্ষিত রানা ৪ ওভারে দিলেন ১৬ রান, তাঁর ঝুলিতেও ২ উইকেট।
বৈভব অরোরা ৪ ওভারে ৩১ রান দিয়ে নিলেন ১ উইকেট। বৈভব ১০টি, মঈন আলি ১১টি, হর্ষিত রানা ১৭টি, বরুণ চক্রবর্তী ১১টি ও সুনীল নারিন ১২টি ডট বল করেছেন। সিএসকের ব্যাটাররা মাত্র ১টিই ছয় মেরেছেন। বিজয় শঙ্কর একমাত্র ৬টি মারেন। সিএসকে ব্যাটাররা এদিন মোট ৮টি চার মেরেছেন, তার মধ্যে দুবের রয়েছে তিনটি।












Click it and Unblock the Notifications