IPL 2025: আইপিএলের শুরুতেই দলবদলের ভাবনা? তরুণ প্রতিভাকে শিবিরে ডাক সিএসকের
অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর,অনিকেত ভার্মা, আইপিএলের ১৮তম সংস্করণ শুরু হতেই একাধিক নতুন প্রতিভা নিজেদের পারফরম্যান্সের নিরিখে চমকে দিয়েছেন। আইপিএল বরাবরই নতুন প্রতিভাদের উত্থানের মঞ্চ। এই মঞ্চকে ব্যবহার করেই অতীতেও একাধিক ক্রিকেটার তারকা হয়ে উঠেছেন। মুম্বই ইন্ডিয়ান্স বা সানরাইজার্স হায়দরাবাদের পর এবার নতুন এক প্রতিভাকে দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হল সিএসকে।
১৭ বছরের ক্রিকেটার আয়ুষ মাত্রেকে ট্রায়ালের জন্য শিবিরে ডেকেছে সিএসকে। ১৭ বছরের মুম্বইয়ের এই ওপেনার এর আগে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে প্রচারের আলোয় উঠে এসেছেন। এমনকি আইপিএলের মেগা নিলামেও নাম লিখিয়েছিলেন। কিন্তু কোনও দলই তাঁকে নেয়নি। তবে ধোনিদের দলে খেলার সুযোগ পেতে পারেন আয়ুষ।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির অধীনে রাজকোটে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের শিবিরে ছিল আয়ুষ। সেখান থেকেই চেন্নাই গিয়েছেন সিএসকে দলের শিবিরে যোগ দিতে। আয়ুষের পরীক্ষা নেবেন ধোনি-ফ্লেমিংরা, পছন্দ হলে তাঁকে দলেও অন্তর্ভুক্ত করে নিতে পারে সিএসকে টিম ম্যানেজমেন্ট।
সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথনও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। একটি ওয়েবসাইটকে তিনি বলেছেন, আমরা আয়ুষকে ওকে ট্রায়ালে ডেকেছি। আমাদের স্কাউটেরা ওর খেলা দেখে খুব খুশি হয়েছেন। আমরা এখনই আয়ুষকে দলে নিচ্ছি না। ওকে স্রেফ ট্রায়ালে ডাকা হয়েছে। যদি কখনও দরকার হয়, বদলি হিসাবে তাঁকে নেওয়া যেতেই পারে। তবে এখনও দলের কেউ চোট পায়নি।
চলতি আইপিএলে সূচনাটা একেবারেই ভালো হয়নি সিএসকে দলের। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আরসিবি এবং তৃতীয় ম্য়াচে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে হারতে হয়েছেন ঋতুরাজের দলকে। রঞ্জি ট্রফিতে ভালো খেলেছিলেন আয়ূষ। আট ম্যাচে দু'টি শতরান-সহ ৪৭১ রান করেছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন।
সিএসকে দলের ওপেনার রয়েছে। ঋতুরাজ, রাচিন রবীন্দ্রই শুধু নয় একইসঙ্গে রয়েছেন রাহুল ত্রিপাঠী। ফলে আয়ুষের সুযোগ পাওয়ার আশা কম। তবে দলটির নাম সিএসকে। ফলে চমক দিতেই পারে। আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে সিএসকে।












Click it and Unblock the Notifications