IPL 2025: চিপকে লজ্জার মালা পড়ল ধোনির চেন্নাই, কেকেআরের জয়ে টার্নিং পয়েন্ট স্পিনারদের দাপটই
IPL 2025: মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করলেও অবস্থা বদলাল না চেন্নাই সুপার কিংসের। পাঁচবারের চ্যাম্পিয়নদের চিপকে একাধিক লজ্জার সাক্ষী থাকতে হলো।
৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে হার। আইপিএলে আগে বল বাকি থাকতে পরাজয়ের নিরিখে এত বড় হারের সম্মুখীন হয়নি সিএসকে।

চলতি আইপিএলে প্রথম ম্যাচে চিপকে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল সিএসকে। তারপর থেকে টানা পাঁচটি ম্যাচে পরাজয়। আইপিএলে আগে একটানা এতগুলি ম্যাচে হারেনি চেন্নাই সুপার কিংস।
কালো মাটির মন্থর পিচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১০৩ রানের বেশি তুলতে পারেনি সিএসকে। সেটি তাদের টি২০-তে দলগত তৃতীয় সর্বনিম্ন স্কোর। চিপকে নিজেদের মাঠেও এত কম রান আগে করেনি সিএসকে। কেকেআরের বিরুদ্ধেও দলগত সর্বনিম্ন রানের নজির তৈরি হলো এদিন।
ম্যাচের টার্নিং পয়েন্ট সামগ্রিকভাবে ধরতে গেলে কেকেআরের স্পিনারদের সম্মিলিত পারফরম্যান্স। স্পেনসার জনসনের জায়গায় এদিন মঈন আলিকে খেলাল কেকেআর। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও মঈন আলি মিলে ১টি মেডেন-সহ ১২ ওভারে মাত্র ৫৬ রান দিয়ে তুলে নিলেন ছয় উইকেট।
৭ থেকে ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারায় সিএসকে। তাতে লড়াইয়ের মতো রান তোলা কঠিন হয়ে যায়। টপ অর্ডার ফের ব্যর্থ হওয়ায় চাপ আসে মিডল অর্ডারে। মিডল অর্ডারও ডোবাল চেন্নাই সুপার কিংসকে।
একদিক আগলে রেখেছিলেন শিবম দুবে। রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির দিকে চেন্নাই সুপার কিংস তাকিয়ে ছিল। কারণ তাঁরা বড় শট খেলতে পারদর্শী। সুনীল নারিন এদিন তিন উইকেট নিলেন। তার মধ্যে পরপর দুই ওভারে জাদেজা ও ধোনিকে ফিরিয়ে তিনি কেকেআরের কাজ অনেকটাই সহজ করে দেন।
44 off 18 while chasing 104! 🙌#SunilNarine showed his class tonight, putting #KKR in the driver's seat in the run chase! 👏
— Star Sports (@StarSportsIndia) April 11, 2025
Watch the LIVE action ➡ https://t.co/YPwDLdrTqi #IPLonJioStar 👉 #CSKvKKR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/8Mqqwifxe5
মহেন্দ্র সিং ধোনি বলেন, চ্যালেঞ্জ যেমন ছিল তেমনই তার মোকাবিলা করারও দরকার ছিল। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তোলা যায়নি। বল থমকে আসছিল আজ প্রথম ইনিংসেও। কেকেআরে ভালো মানের স্পিনার থাকায় কাজ কঠিন হয়ে যায়। আমরা পার্টনারশিপ গড়তে পারিনি।
অধিনায়ক ধোনি চেন্নাইয়ের সমস্যাগুলি চিহ্নিত করতে চাইছেন গভীরে ঢুকে। পাওয়ারপ্লে ব্যাটিংও ভালো হয়নি। ধোনির কথায়, এটা কন্ডিশনের উপর নির্ভর করে। আমরা কখনও কখনও পাওয়ারপ্লেতে কন্ডিশনের কারণে ভালো খেলেছি। অন্য দলগুলির সঙ্গে এই নিরিখে তুলনাতেও যাচ্ছেন না ধোনি। উইকেট দ্রুত হারানোর ফলে মিডল অর্ডারে যে চাপ চলে আসছে, খেলার পরিকল্পনা করতে তাতে সমস্যাও যে হচ্ছে তা মেনে নেন ধোনি।












Click it and Unblock the Notifications