IPL 2025 Retention: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশিত, নিলামের আগে ১০ দল কাদের ধরে রাখল?
IPL 2025 Retention: আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা নভেম্বরের শেষ সপ্তাহে। তার আগে আজ নির্ধারিত সময়ের মধ্যেই আইপিএলের ১০ দল বিসিসিআইকে জমা দিল রিটেনশন তালিকা।
এবারের রিটেনশন তালিকায় একাধিক তারকার নাম নেই। তাঁদের ভাগ্য নির্ধারিত হবে আইপিএল নিলামে। নজর ছিল আনক্যাপড ক্রিকেটারদের দিকেও। বেশ কয়েকটি দল আগামী মরশুমে মাঠে নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে।

একনজরে দেখে নেওয়া যাক কোন দল এদিন কতজন ক্রিকেটারকে ধরে রাখল:
কলকাতা নাইট রাইডার্সের কাছে খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ। আইপিএলে চলতি বছরের চ্যাম্পিয়নরা ধরে রাখল রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রামনদীপ সিং (৪ কোটি)-কে।
আইপিএলে এবার কেকেআর চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। অরেঞ্জ আর্মি ধরে রাখল প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)-কে।
মুম্বই ইন্ডিয়ান্সে তারকার ছড়াছড়ি। ফলে কাদের ছেড়ে কাদের ধরে রাখা হবে সেটা সহজ ছিল না। মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন লিস্টে নাম রয়েছে জসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক বর্মা (৮ কোটি)-র।
মহেন্দ্র সিং ধোনি ভক্তদের জন্য সুখবর। মাহিকে ফের মাঠে দেখা যাবে আগামী বছর। চেন্নাই সুপার কিংস ধরে রাখল ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) ও মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)-কে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলির নাম রয়েছে প্রত্যাশিতভাবেই। বিরাট ২০০৮ থেকে আইপিএলে একই দলের হয়ে খেলছেন। আরসিবির রিটেনশন তালিকায় কোহলি (২১ কোটি) ছাড়াও রয়েছেন রজত পাটীদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।
গুজরাত টাইটান্সে ব্রাত্য থাকলেন বাংলার মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা। গুজরাত টাইটান্সের রিটেনশন লিস্টে রয়েছেন রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
দিল্লি ক্যাপিটালসের খোলনলচে বদলে গিয়েছে। হেড কোচ, ডিরেক্টর অব ক্রিকেটের পর বদল আসছে অধিনায়কের ক্ষেত্রেও। দিল্লি ক্যাপিটালস নিলামের আগে ধরে রাখল অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোড়েল (৪ কোটি)-কে।
রাজস্থান রয়্যালসকেও কঠিন সিদ্ধান্ত নিতে হলো। রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি লাভের পর। রাজস্থান রয়্যালস যে ক্রিকেটারদের ধরে রাখল তাঁরা হলেন, সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।
লখনউ সুপার জায়ান্টস একবারও আইপিএল ফাইনাল খেলতে পারেনি। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল ছেড়ে দিল লোকেশ রাহুলকে। লখনউ সুপার জায়ান্টস ধরে রাখল নিকোলাস পুরাণ (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি)-কে।
পাঞ্জাব কিংসও নতুনভাবে দল সাজাচ্ছে। হেড কোচের পদে এসেছেন রিকি পন্টিং। শোনা যাচ্ছে, পাঞ্জাব কিংস নিলাম থেকে স্টিভ স্মিথকে নিয়ে অধিনায়ক করতে পারে। নিলামের আগে পাঞ্জাব কিংস বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিল। ধরে রাখা হলো শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে।












Click it and Unblock the Notifications