IPL 2025: ধোনির উপহারে কৃতজ্ঞ অশ্বিন! চেন্নাই সুপার কিংসের বড় শক্তি স্পিন বিভাগের বৈচিত্র্য
IPL 2025: আইপিএলে ১০ বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে ৫ বার চ্যাম্পিয়ন। আইপিএল খেতাব সবচেয়ে বেশিবার জেতার রেকর্ড যুগ্মভাবে সিএসকের সঙ্গে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের।
গতবার আইপিএল খেতাব ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস। আগেরবারের দলের অনেককে রেখে এবার আরও শক্তিশালী দল নিয়েই নামবেন ঋতুরাজ গায়কোয়াড়রা।

চেন্নাই সুপার কিংস গতবার সাতটি ম্যাচে জিতেছিল, হারে সাতটিতে। আরসিবির কাছে নেট রান রেটে পিছিয়ে পড়ায় প্লে-অফে যেতে পারেনি। শেষ করেছিল পাঁচে থেকে। গত চার বছরে ২ বারের খেতাবজয়ীরা কোনওবারই আমূল রদবদলের পথে হাঁটে না।
চেন্নাই সুপার কিংস দলে এবার প্রত্যাবর্তন ঘটেছে রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারান, বিজয় শঙ্করের। গতবার চোটের কারণে আইপিএল খেলতে না পারা ডেভন কনওয়েকেও রাখা হয়েছে। চেন্নাই সুপার কিংস চমক দিয়েছে ১০ কোটি টাকায় আফগানিস্তানের স্পিনার নূর আহমেদকে নিয়ে।
চিপকের উইকেট স্পিন সহায়ক হয়। সেখানে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার পাশাপাশি নূরকে দিয়েই প্রতিপক্ষ শিবিরকে চাপে ফেলতে চাইবে চেন্নাই। রিস্ট স্পিন থেকে মিস্ট্রি স্পিন- বৈচিত্র্য রয়েছে ভালোই।
চেন্নাই সুপার কিংসে খেলে ছন্দ পেয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। সেই নিরিখে এবার নজর থাকবে রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শ্রেয়স গোপাল, কমলেশ নাগরকোটি, দীপক হুডাদের দিকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন এবার নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন। ২০০৯ সালে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল সিএসকেতে। ২০০৯ ও ২০১০ সালে আইপিএল খেতাবজয়ী দলের সদস্য অশ্বিন পরবর্তীতে অন্য দলের হয়ে খেলেছেন।
অশ্বিনের উপলব্ধি চেন্নাই সুপার কিংসের পরিবেশ খুব একটা বদলায়নি। চেন্নাই সুপার কিংসে নিজের প্রত্যাবর্তনকে বৃত্ত সম্পূর্ণ হওয়া হিসেবেই দেখছেন অশ্বিন। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান। একটি বই প্রকাশ অনুষ্ঠানে গতকাল অশ্বিন তাঁর প্রত্যাবর্তন সুনিশ্চিত করায় মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
অশ্বিন বলেন, আমি আমার শততম টেস্টে একটি স্মারক দেওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেটিই নিজের শেষ টেস্ট হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু ধোনি আসতে পারেননি। তবে তখনও ভাবিনি তাঁর কাছ থেকে সিএসকেতে ফেরার মতো উপহার পাব। এটা অনেক বড় প্রাপ্তি আমার কাছে। ধন্যবাদ এমএস।
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগ সমীহযোগ্য। বড় শক্তি স্পিন বিভাগ। অশ্বিন, নূর, জাদেজার পাশাপাশি থাকছে গোপালের লেগ স্পিন, হুডার পার্ট-টাইম অফ-স্পিন। স্যাম কারান ইংল্যান্ড দলে না থাকলেও ব্যাটে-বলে তিনি প্রতিপক্ষকে যে কোনও সময় চাপে ফেলতে পারেন।
কারানের সঙ্গেই চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন একঝাঁক অলরাউন্ডার। তাঁদের মধ্যে অন্যতম শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শঙ্কর, দীপক হুডা, রাচিন রবীন্দ্র, জেমি ওভার্টন। এতে যেমন ব্যাটিং গভীরতা বেড়েছে, তেমনই বোলিং বিকল্পও রয়েছে প্রচুর। দলে চোট সমস্যাও নেই।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে বা রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা বা বিজয় শঙ্কর, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিশা পাথিরানা। বোলিংয়ের সময় খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications