IPL 2025: ধোনি আছেন বলেই আস্থা রাখুন! চেন্নাই সুপার কিংসের সিইও মনে করালেন ১৫ বছর আগের কথা
IPL 2025: আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে এখন সব ম্যাচই মরণ-বাঁচন দ্বৈরথ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিএসকে রয়েছে পয়েন্ট তালিকার একেবারে নীচে।
এই পরিস্থিতিতে ধোনিদের প্লে-অফে ওঠার আশা দেখছেন না অনেকেই। যদিও এখনও সমর্থকদের ধৈর্য্য ধরার বার্তা দিচ্ছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে গতকাল কাশী বিশ্বনাথন বলেন, চলতি বছর সিএসকের পারফরম্যান্সে সমর্থকরা হতাশ। এটা স্বাভাবিকও। এখনও পর্যন্ত আমাদের কাছে কঠিন মরশুমই চলছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। যদিও সামনের ম্যাচগুলিতেই ঘুরে দাঁড়ানোর বিষয়ে আমরা আশাবাদী।
বিশ্বনাথনের কথায়, ২০১০ সালের কথা মনে করে দেখুন। আমরা টানা পাঁচটি ম্যাচ হেরেছিলাম। তারপরও চ্যাম্পিয়ন হই। সেবারই আমরা প্রথমবার আইপিএল খেতাব জিতেছিলাম। আমি নিশ্চিত ক্রিকেটাররা, গোটা দল ভালো করতে বদ্ধপরিকর। সর্বোপরি থালা (মহেন্দ্র সিং ধোনি) দলের নেতৃত্বে। ফলে ঘুরে দাঁড়ানোটা সময়ের অপেক্ষা।
চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ভালো হচ্ছে না। ফিল্ডিং ১০ দলের মধ্যে সবচেয়ে খারাপ। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বোলারদের পারফরম্যান্স উদ্বেগ বাড়ানোর পক্ষে যথেষ্ট। ফলে ধোনি থাকলেও এবারও সিএসকে-কে শেষ চারে দেখছেন না অনেকেই। বিশ্বনাথনের কথায় শিবম দুবের প্রশংসাও উঠে এসেছে।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাস্ত হয়।
টানা পাঁচটি ম্যাচে হারের পর চেন্নাই সুপার কিংস ফের জয়ের সরণিতে ফেরে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। যদিও আগের ম্যাচেই মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় সিএসকে। সিএসকে ৫ উইকেটে ১৭৬ তোলার পর মুম্বই ৯ উইকেটে জেতে ১৫.৪ ওভারে।
Bhais at Bombay! 🦁💪🏻#MIvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/Him7SnwKaP
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025
শুক্রবার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সিএসকে। ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই হোম ম্যাচ ধোনিদের। ৩ মে বেঙ্গালুরুতে আরসিবির মুখোমুখি হবে সিএসকে। মে মাসের ৭ তারিখ ইডেনে কলকাতা নাইট রাইডার্স, ১২ মে চেন্নাইয়ে রাজস্থান রয়্যালস ও ১৮ মে আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
তবে একটি ম্যাচে হেরে গেলেই বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের। সেক্ষেত্রে বাকি ম্যাচগুলি জিতলেও ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না সিএসকে। আর ১৪ পয়েন্ট প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্টও হবে না।












Click it and Unblock the Notifications