IPL 2025: আইপিএলে প্রতি দলকে কতজন প্লেয়ার ধরে রাখার অনুমতি দিচ্ছে বিসিসিআই? ফিরছে না পুরানো নিয়ম?
IPL 2025: আইপিএল নিলাম নভেম্বরের শেষে হওয়ার সম্ভাবনাই বেশি। না হলে ডিসেম্বরে। আজ বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল।
জানা যাচ্ছে, আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়ম যে কোনও মুহূর্তে প্রকাশ করে দিতে পারে বিসিসিআই। আজও হতে পারে। কিংবা চলতি সপ্তাহে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, বিসিসিআই প্রতিটি দলকে পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দিতে পারে। তবে নিলামে রাইট টু ম্যাচ অপশন ফেরানোর সম্ভাবনা নেই, বোর্ডসূত্রে তেমনই খবর। বোর্ডের এই পদক্ষের অনেক দলের মুখেই হাসি ফোটাতে পারে।
যদি বিসিসিআই পাঁচজন করে ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেয় তাহলে সবচেয়ে চিন্তামুক্ত হবে মুম্বই ইন্ডিয়ান্স। কেন না, ওই প্রতিবেদনে উল্লেখ, মুম্বই ইন্ডিয়ান্স সেক্ষেত্রে হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহকে ধরে রাখতে পারবে।
বিসিসিআই মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে যে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠক করেছিল, সেখানে বিভিন্ন দলের তরফে মতামত দেওয়া হয়েছিল যাতে ৫-৬ জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হয়। সেই মতামত পর্যালোচনা করে বিসিসিআই উপলব্ধি করছে, ফ্র্যাঞ্চাইজিগুলির ব্র্যান্ড ভ্যালুও এতে সুরক্ষিত থাকবে।
তবে পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেওয়ার বিষয়টি জানা গেলেও সর্বাধিক কতজন ভারতীয় ও কতজন বিদেশিকে ধরে রাখা যাবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সর্বশেষ মেগা নিলামের আগে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে বলা হয়েছিল। তিনজন ভারতীয় ও দুজন বিদেশির বেশি রাখা যাবে না বলেও নির্দেশিকা জারি করেছিল বোর্ড।
প্লেয়ার ধরে রাখতে কত টাকার সীমারেখা ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেওয়া হয় সেদিকেও নজর থাকবে। যেমন- ২০২২ সালে রোহিত শর্মাকে ১৬ কোটি, বুমরাহকে ১২ কোটি, সূর্যকে ৮ কোটি ও কায়রন পোলার্ডকে ৮ কোটিতে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে পরিস্থিতি এখন বদলেছে।
রোহিত এখন অধিনায়ক নন। তবে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন। তাঁকে পেতে চাইছে বিভিন্ন দল। জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবও নিশ্চিতভাবে আরও বেশি দর প্রত্যাশা করবেন। হার্দিক আবার দলের অধিনায়ক। তবে সূর্য ভারতের টি২০ অধিনায়ক। ফলে বুমরাহ ও সূর্য অন্য দলে যেতে পারেন বলেও চর্চা চলছে। কেন না, মহাতারকাদের ধরে রাখতে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে মুম্বই ইন্ডিয়ান্সই।
২০১৮ সালের পর ২০২২ সালে মেগা নিলাম হয়েছিল। বিসিসিআইকে অনেক দলই অনুরোধ করেছিল চার-পাঁচ বছর অন্তর মেগা নিলাম করার। সেই বিষয়ে বোর্ড কী পদক্ষেপ করে সেটাও দেখার।












Click it and Unblock the Notifications