IPL 2025: দিল্লি ক্যাপিটালসে বড় বদল! হেড কোচের দৌড়ে এগিয়ে বাদানি, কাদের ধরে রাখার পরিকল্পনা?
IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসে এবার বড় রকমের রদবদল আসছে। একই সঙ্গে হেমাঙ্গ বাদানি এই দলের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।
আইপিএলের নিলামে ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে সব ফ্র্যাঞ্চাইজি। তবে দিল্লি ক্যাপিটালস তিন ক্রিকেটারকে ধরে রেখে দুজনের জন্য রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করবে বলে জানা যাচ্ছে।

দিল্লি ক্যাপিটালসে মালিকানা রয়েছে কিরণ কুমার গ্রান্ধির জিএমআর গ্রুপ ও পার্থ জিন্দালের জেএসডব্লিউ গ্রুপের। দুই বছর করে একেকটি সংস্থা দলের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে। আগামী দুই মরশুমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জিএমআর। সম্প্রতি দুবাইয়ে গিয়ে গ্রান্ধির সঙ্গে কথা বলে এসেছেন ঋষভ পন্থ।
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌরভ পার্থ জিন্দালের ঘনিষ্ঠ। ফলে আগামী দুই মরশুমে সৌরভের ভূমিকা স্পষ্ট নয়। আইসিসি মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালের জন্য সৌরভের দুবাই যাওয়ার কথা। দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, সৌরভের সঙ্গে কথা বলেই রিটেনশন-সহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রিকি পন্টিংকে সরানোর পর এবার হেড কোচ ঠিক করবে দিল্লি ক্যাপিটালস। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, আইএলটি২০-তে দুবাই ক্যাপিটালসের হেড কোচ হেমাঙ্গ বাদানিকে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ করা হতে পারে। ম্যানেজমেন্ট ভারতীয় কোচেদের উপর আস্থা রাখতে চাইছে।
বাদানির নাম উঠে আসার বড় কারণ আগামী দুই বছরে ম্যানেজমেন্টের রদবদল। জিএমআর গ্রুপ আগামী দুই মরশুমের জন্য পরিকল্পনা করছে। বাদানি সানরাইজার্স হায়দরাবাদে ব্রায়ান লারার সহকারী হিসেবে কাজ করেছেন। তামিলনাড়ুর এই প্রাক্তনী ২০০১ থেকে ২০০৪ অবধি দেশের হয়ে চারটি টেস্ট ও ৪০টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই শতরানও আছে।
বাদানি হেড কোচ হলে মুনাফ প্যাটেলকে বোলিং কোচের দায়িত্ব দিতে পারে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস ১৮ কোটি টাকা দিয়ে অধিনায়ক ঋষভ পন্থ, ১৪ কোটি টাকা দিয়ে অক্ষর প্যাটেল ও ১১ কোটি টাকার বিনিময়ে কুলদীপ যাদবকে ধরে রাখতে চলেছে বলে খবর।
৫ ক্রিকেটারকে ধরে রাখতে ৭৫ কোটি টাকা খরচ। সেজন্য জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ট্রিস্টান স্টাবসের জন্য রাইট টু ম্যাচ বিকল্প ব্যবহার করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদি দলের বাজেটে কুলোয় তাহলে আরটিএম কার্ড দিয়ে দলে নিতে চাইবে ক্যাপিটালস। আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইজি কখনও খেতাব জিততে পারেনি। ২০২০ সালে ফাইনালে উঠেও হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।












Click it and Unblock the Notifications