IPL 2025: নেতৃত্বের দায়িত্ব নিতে নারাজ রাহুল, দিল্লি দলের অধিনায়ক কে হচ্ছেন? রইল বিরাট আপডেট
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক কে হবে তা নিয়ে চলছে জোর চর্চা। গত নভেম্বর মাসে মেগা নিলামে দিল্লির কর্তারা কেএল রাহুলকে দলে নেন, মনে করা হয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটারই আসন্ন মরশুমে দিল্লি ক্যাপিটালস দলের নেতৃত্বের দায়িত্ব থাকবেন।
আইপিএল শুরুর সপ্তাহখানেক আগেও দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে নতুন অধিনায়কের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মঙ্গলবার সকালে পাওয়া গেল বিরাট আপডেট। রাহুল এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজনই অধিনায়ক হবেন সেটা স্পষ্টই ছিল। তবে কে অধিনায়ক হবেন এবং কে সহ অধিনায়ক হবেন তা নিয়ে জল্পনার অবসান হল।

কেএল রাহুল নয়, আসন্ন মরশুমে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক হতে চলেছেন অক্ষর প্যাটেলেই। গত কয়েক মরশুম ধরেই অক্ষর দিল্লি দলের সদস্য। ফলে তারকা অল রাউন্ডারের উপরই নেতৃত্বের ভার দিতে চলেছেন দিল্লি টিম ম্যানেজমেন্ট। তবে সংবাদ সংস্থা সূত্রের খবর, দিল্লি টিম ম্যানেজমেন্ট প্রথমে রাহুলকেই নেতা হিসাবে পছন্দ করেন এবং তাঁকে নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন।
কেএল রাহুল দিল্লি দলের নেতৃত্ব নিতে চাননি বরং ক্রিকেটার হিসাবেই দলে থাকতে চেয়েছেন এবং অবদান রাখতে চেয়েছেন। এই পরিস্থিতিতে বিকল্প হিসাবে অক্ষরই ছিল দিল্লি টিম ম্যানেজমেন্টের কাছে। রাহুলের মতোই অক্ষরও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনিও অভিজ্ঞ ক্রিকেটার। তবে কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি অন্তঃসত্ত্বা। যে কারণে তাঁকে একটি বা দু'টি ম্যাচে নাও পাওয়া যেতে পারে।
একা রাহুলের ওপর যে পুরোপুরি নেতৃত্বের ভার থাকবে না তার আভাস আগেই পাওয়া গিয়েছে রাহুলের সঙ্গে নেতৃত্বের ভার থাকবে মূলত অক্ষর প্যাটেলের উপর। অক্ষরকে আগেই রিটেন করে নিয়েছে দিল্লি দল। তবে রাহুলকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হবে অক্ষরকে সেটা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার ইতি ঘটল বলাই যায়।
রাহুল এর আগে লখনউ দলকে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় দলেও অধিনায়কত্ব করেছেন। দিল্লি দলের তারকা ক্রিকেটাররা ১৭ এবং ১৮ মার্চ বিশাখাপত্তনমে দলের সঙ্গে যোগ দেবেন।
আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ইংল্যান্ডের ব্যাটারকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ২০২৪ সালের পর এবারও ব্রুক জানিয়ে দিলেন যে খেলতে পারবেন না তিনি। ফলে কিছুটা সমস্যায় দিল্লি।












Click it and Unblock the Notifications