IPL 2025: হোলিতেই বড় ঘোষণা! দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে অক্ষর প্যাটেল
IPL 2025: হোলির দিনেই অধিনায়কের নাম ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের স্থলাভিষিক্ত হলেন অক্ষর প্যাটেল। প্রত্যাশিতভাবেই।
অক্ষর ২০১৯ সাল থেকে রয়েছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বর্তমান ম্যানেজমেন্টের প্রথম থেকেই পছন্দ ছিল অক্ষরকে। এদিন তাঁর নামই ঘোষিত হলো।

অধিনায়কত্ব করার অভিজ্ঞতা অক্ষরের খুব বেশি নেই। তবে গত জানুয়ারিতেই তাঁকে ভারতের টি২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে। অক্ষরকে মেগা নিলামের আগে সবচেয়ে বেশি সাড়ে ১৬ কোটি টাকায় ধরে রেখেছিল ক্যাপিটালস।
অক্ষর সব ফরম্যাট মিলিয়ে গুজরাতকে নেতৃত্ব দিয়েছেন ২৩টি ম্যাচে। তার মধ্যে ২০২৪-২৫ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফির ম্যাচও রয়েছে। গত আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে নির্বাসিত ছিলেন ঋষভ পন্থ। সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন অক্ষর। তবে আরসিবির কাছে হারায় প্লে-অফে যেতে পারেনি তারা।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৬ মরশুমে ৮২টি ম্যাচ খেলেছেন অক্ষর। গত আইপিএলে ৩০-এর কাছাকাছি গড় রেখে ২৩৫ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন। ভারতীয় দলে অলরাউন্ডার হিসেবেও সব ফরম্যাটেই নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাচ্ছেন অক্ষর।
দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুশি অক্ষর দলের কর্ণধার ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দিল্লি দলের হয়ে ক্রিকেটার ও মানুষ হিসেবে নিজের উত্তরণ, অভিজ্ঞতাকে সম্বল করে দলকে নেতৃত্ব দিতে তিনি যে প্রস্তুত সে কথা জানাতেও ভোলেননি অক্ষর।
কোচ ও স্কাউটরা মিলে নিলাম থেকে যে ক্রিকেটারদের নিয়ে দল গড়েছেন তাতে আত্মবিশ্বাসী অক্ষর। সন্তুষ্ট দলের ভারসাম্য দেখে। লোকেশ রাহুল, ফাফ দু প্লেসির মতো আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে নেতৃত্ব দেওয়া প্লেয়ারদের উপস্থিতি ইতিবাচক দিক। দলে বেশ কয়েকজন লি়ডার থাকায় ক্যাপিটালসকে সাফল্য এনে দিতে পারবেন বলেও নিশ্চিত অক্ষর।
A new era begins today 💙❤️ pic.twitter.com/9Yc4bBMSvt
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো ছন্দেই ছিলেন অক্ষর। ৪.৩৫ ইকনমি রেটে পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি পাঁচ নম্বরে ব্যাট হাতেও মূল্যবান অবদান রেখেছেন। ২৪ মার্চ বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications