IPL 2025: গুজরাত টাইটান্স ছাড়তে পারেন নেহরা ও সোলাঙ্কি! হেড কোচের দৌড়ে যুবরাজ?
IPL 2025: আইপিএলে বড়সড় বদল আসতে পারে গুজরাত টাইটান্স দলে। মালিকানার ক্ষেত্রে যেমন বড় পালাবদলের সম্ভাবনা, তেমনই হেড কোচের পদেও পরিবর্তনের সম্ভাবনা।
হেড কোচ আশিস নেহরা ও ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি এই ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন বলে ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ। নতুন হেড কোচের দৌড়ে যুবরাজ সিংয়ের নাম ভাসছে।

২০২২ সালে আইপিএলে আবির্ভাব হয়েছিল গুজরাত টাইটান্সের। তখন থেকেই এই দলের সঙ্গে যুক্ত নেহরা ও সোলাঙ্কি। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে প্রথম বছরেই গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় বছরে রানার-আপ। এবারের আইপিএলে অবশ্য হতাশ করেছে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত।
এরই মধ্যে সিভিসি ক্যাপিটাল পার্টনারস এই দলের সিংহভাগ মালিকানা ছেড়ে দিতে চাইছে বলে খবর। কথা চালাচ্ছে, আদানি ও টোরেন্ট গোষ্ঠীর সঙ্গে। এর আগে, গুজরাত টাইটান্স কিনতে গিয়েও সফল হয়নি আদানি গ্রুপ। মহিলাদের প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি অবশ্য আদানির আছে।
সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর টি২০ লিগেও আদানি গোষ্ঠীর দল রয়েছে। টোরেন্ট অবশ্য এখনও ক্রিকেটের কোনও দলে বিনিয়োগ করেনি। ২০২১ সালে গুজরাত টাইটান্স কেনার সময় সিভিসির বিড ছিল ৫,৬২৫ কোটি টাকার। আদানিরা ৫,১০০ কোটি ও টোরেন্ট ৪,৬৫৩ কোটি টাকার বিড জমা দেয়।
সূত্রকে উদ্ধৃত করে ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুবরাজ সিংকে কোচ করার কথা ভাবা হচ্ছে। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়। তবে মনে করা হচ্ছে, যেহেতু শুভমান গিলকে যুবি গাইড করেন, সেক্ষেত্রে এই দলে তাঁদের জুটি সাফল্য এনে দিতে পারে।
ইতিমধ্যেই গুজরাত টাইটান্স ধাক্কা খেয়েছে মেন্টর গ্যারি কার্স্টেন পাকিস্তানের হেড কোচ হওয়ায়। ফলে কোচিং বিভাগে খোলনলচে বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। সোলাঙ্কি ও নেহরা ছাড়াও কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন আশিস নেহরা, নঈম আমিন, নরেন্দ্র নেগি ও মিঠুন মানহাস। ফলে কোন কোন বদল আসে তা স্পষ্ট হতে পারে কিছুদিনের মধ্যেই।












Click it and Unblock the Notifications