IPL 2025: আন্দ্রে রাসেলকে প্রথম পছন্দ হিসেবে ধরে রাখতে চায় কেকেআর! নিলামে ভাগ্য পরীক্ষায় যাবেন শ্রেয়স আইয়ার?
IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কি শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে ততটা আগ্রহী নয়? আইপিএলের রিটেনশন ডেডলাইন ৩১ অক্টোবর শেষ হওয়ার আগে এই নিয়ে চর্চা তুঙ্গে।
শ্রেয়সের নেতৃত্বেই চলতি বছর আইপিএল খেতাব জিতেছে কেকেআর। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শ্রেয়সকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চাইছে না কেকেআর।

গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর ডোয়েন ব্র্যাভোকে মেন্টর করে এনেছে কেকেআর। তবে সহকারী কোচ তথা আকাদেমি প্রধান অভিষেক নায়ার ও সহকারী কোচ রায়ান টেন দুশখাতের জায়গায় এখনও কাউকে নিযুক্ত করেনি কেকেআর।
আগামী আইপিএলে কেকেআর নতুন অধিনায়কের নেতৃত্বেও নামতে পারে। শ্রেয়সকে ২০২২ সালের নিলামে সাড়ে ১২ কোটি টাকায় কিনেছিল কেকেআর। অন্যদিকে, আন্দ্রে রাসেলকে ধরে রাখা হয়েছিল ১২ কোটি টাকায়। এবার রাসেলকেই সবচেয়ে বেশি টাকায় ধরে রাখতে চাইছে, তেমনই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
শ্রেয়সের অনুপস্থিতিতে নাইটদের নেতৃত্ব দিয়েছেন নীতীশ রানা। অনেকেই চেয়েছিলেন, ২০২৪ সালেও রানাই নেতৃত্ব দিন। কিন্তু শ্রেয়সকেই অধিনায়ক হিসেবে রাখার কথা টুর্নামেন্টের আগেই জানিয়ে দিয়েছিল কেকেআর। কিন্তু আগামী আইপিএলের আগে শ্রেয়সকে নিয়ে বড় কোনও ঘোষণা করা হয়নি।
প্রশ্ন হলো, যদি প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে কেকেআর তাঁকে ধরে না রাখে তাহলে শ্রেয়স কি তা মেনে নেবেন? নাকি, তিনি নিলামেই যেতে চাইবেন। রিকি পন্টিংয়ের কোচিংয়ে শ্রেয়সের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস ফাইনাল খেলেছিল। পন্টিং এখন পাঞ্জাব কিংসে। তারাও ভারতীয় অধিনায়ক খুঁজছে। ফলে শ্রেয়সকে নিতে ঝাঁপাতে পারে পাঞ্জাব।
দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে অধিনায়ক নাও রাখতে পারে। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসে শ্রেয়সের ফেরার পথও খোলা থাকবে তিনি নিলামে গেলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও দৌড়ে থাকতে পারে। দর কষাকষিতে শ্রেয়স নিজের দর বাড়ানোরও সুযোগ পেতে পারেন। কেকেআর কতজনকে ধরে রাখবে সেটাও ভাবার।
বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান মেগা নিলামের বিরোধিতা করেছিলেন। তিনি রাইট টু ম্যাচ বেশি সংখ্যায় ব্যবহারের বন্দোবস্ত করার দাবিও জানান। সেক্ষেত্রে কেকেআর আরটিএমেই বেশি ভরসা রাখতে পারে। কেকেআর রাসেল ছাড়াও রিঙ্কু সিং, হর্ষিত রানা, মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তীকে ধরে রাখতে পারে। কিন্তু কাকে ধরে রাখবে আর কার জন্য আরটিএম ব্যবহার করবে সেটা স্পষ্ট হবে কয়েক দিনেই।












Click it and Unblock the Notifications