IPL 2025: আইপিএলের ১০ অধিনায়ককে নিয়ে মহা-বৈঠক মুম্বইয়ে, হোটেলেও অনুষ্ঠান, বঞ্চিত কলকাতা
IPL 2025: আইপিএল শুরু শনিবার থেকে। প্রথমাফিক আইপিএলের উদ্বোধনের আগে ১০ দলের অধিনায়ককে নিয়ে ফোটোশ্যুট, বৈঠক, সাংবাদিক বৈঠক হয় যে দল আইপিএল আগেরবার জিতেছে তাদের শহরেই।
গতবার যেহেতু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, সে কারণে কলকাতাতেই এবার ক্যাপ্টেন্স মিট হওয়ার কথা ছিল। যদিও তা হচ্ছে না।

বৃহস্পতিবার আইপিএলের ১০ দলের অধিনায়ক ও ম্যানেজারদের মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে হাজির থাকতে বলা হয়েছে। ক্রিকবাজের তরফে তেমনই দাবি করা হচ্ছে। এই মর্মে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছে মেল পাঠানো হয়েছে বিসিসিআই/আইপিএল ম্যানেজমেন্টের তরফে।
জানা যাচ্ছে, অধিনায়ক ও ম্যানেজারদের নিয়ে ঘণ্টাখানেকের বৈঠক হবে বিসিসিআইয়ের সদর দফতরে। বিসিসিআই তথা আইপিএল কর্তারা হাজির থাকবেন। আইপিএলের নিয়মকানুন-সহ নতুন যা যা বিষয় এবার আইপিএলে থাকবে তা বুঝিয়ে দেওয়া হবে সকলকে।
তবে কলকাতায় না করে এই বৈঠক মুম্বইয়ে সরানোয় অনেকেই মনে করছেন, উল্লেখযোগ্য কোনও বড় সিদ্ধান্তের কথাও জানানো হতে পারে এই বৈঠকে। কিন্তু প্রশ্ন থাকছে, বোর্ডের সদর দফতরে না করে কলকাতার কোনও অভিজাত হোটেলেই তো এমন বৈঠক করা যেত।
বৃহস্পতিবার ওই বৈঠক। শনিবার থেকে আইপিএল। ফলে এই বৈঠক কলকাতায় কেন হলো না তা বোধগম্য হচ্ছে না অনেকেরই। আরও জানা গিয়েছে, তাজ হোটেলে থাকবে স্পনসরদের একটি অনুষ্ঠান। সবমিলিয়ে চার ঘণ্টার অনুষ্ঠান।
প্রথমে দুপুরে হবে বিসিসিআইয়ের দফতরের বৈঠক। তারপর তাজ হোটেলের অনুষ্ঠান। মনে করা হচ্ছে, সেখানেই ১০ দলের অধিনায়ককে নিয়ে প্রথমাফিক ট্রফি নিয়ে ফোটোশ্যুট হবে। শনিবার কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি।
প্রায় সব দলের অধিনায়কই সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে যোগ দিয়েছেন। রবিরার হায়দরাবাদে পৌঁছে পুরো আইপিএল খেলার আশ্বাস দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ক শ্রেয়স আইয়ার যোগ দিয়েছেন পাঞ্জাব কিংস শিবিরে।
যে অধিনায়করা বৃহস্পতিবারের বৈঠকে থাকবেন তাঁরা হলেন অজিঙ্ক রাহানে (কলকাতা নাইট রাইডার্স), শ্রেয়স আইয়ার (পাঞ্জাব কিংস), রজত পাটীদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), হার্দিক পাণ্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স), প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), ঋতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস), ঋষভ পন্থ (লখনউ সুপার জায়ান্টস), সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস), শুভমান গিল (গুজরাত টাইটান্স), অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালস)।
ফলে যা পরিস্থিতি, তাতে মুম্বইয়ের অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন অজিঙ্ক রাহানে ও রজত পাটীদার। শুক্রবার ইডেনে জোরকদমে অনুশীলন সারবে কেকেআর ও আরসিবি।












Click it and Unblock the Notifications