IPL 2025: আকাশ দীপ লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে যোগ দিলেন, শক্তি বাড়িয়ে মুম্বই ম্যাচে কেমন হবে পন্থদের ১১?
IPL 2025: আইপিএলে কাল ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপরই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার শহরে ঋষভ পন্থরা আসবেন ৮ এপ্রিল কেকেআরের মুখোমুখি হতে।
তার আগে লখনউ সুপার জায়ান্টসের বোলিং শক্তি বাড়ল। দলের সঙ্গে যোগ দিলেন আকাশ দীপ।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীনই পিঠের চোটে কাবু হয়ে পড়েন আকাশ দীপ। গত ডিসেম্বরের পর থেকে বাংলার এই পেসার কোনও ম্যাচই খেলতে পারেননি। টি২০ খেলেছেন গত বছরের আইপিএলে।
लखनऊ में गूंजेगी आकाश दीप की गेंदों की सनसनाहट ⚡⚡⚡ pic.twitter.com/cEu4w28G9o
— Lucknow Super Giants (@LucknowIPL) April 2, 2025
ফিটনেস সমস্যা কাটিয়ে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের ছাড়পত্র পেয়ে গতকালই লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে যোগ দেন আকাশ দীপ। টিম হোটেলে সতীর্থ, সাপোর্ট স্টাফ থেকে টিম ম্যানেজমেন্টের সকলে স্বাগত জানান আকাশ দীপকে। কালকের ম্যাচেই লখনউয়ের জার্সিতে অভিষেক হতে পারে আকাশের।
গত বছরের আইপিএলেও একটিই ম্য়াচ খেলেছিলেন আকাশ দীপ। আরসিবির জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কাল লখনউয়ের সামনে সেই মুম্বই। ২০২২ থেকে গত বছর অবধি আইপিএলে আকাশ দীপ ৮ ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭ উইকেট।
ময়াঙ্ক যাদব এখনও ফিট হননি। মহসীন খান ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছিল। লখনউয়ের জোরে বোলিং সামলাচ্ছেন শার্দুল, আবেশ খানরা। প্রথম দুটি ম্যাচে খেলানো হয়েছে প্রিন্স যাদবকেও। ৪২টি টি২০ ম্যাচে আকাশ দীপের ঝুলিতে রয়েছে ৪৯টি উইকেট। তাঁকে ৮ কোটি টাকায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
আকাশ দীপ একাদশে এলে দিগ্বেশ রাঠীকে প্রথম একাদশের বাইরে রাখতে পারে লখনউ সুপার জায়ান্টস। পিচের পরিস্থিতি বুঝে তারা ইমপ্যাক্ট সাব ব্যবহার করবে। লখনউয়ের প্রথম ম্যাচে সহায়তা পেয়েছেন স্পিনাররা। যদিও চিরাচরিতভাবে একানা স্টেডিয়ামের উইকেট মন্থর হয়। প্রিন্স যাদব, এম সিদ্ধার্থ, শাহবাজ আহমেদরাও থাকছেন লখনউয়ের পরিবর্ত ক্রিকেটারদের তালিকায়।
২৭ কোটি টাকায় কেনা ঋষভ পন্থ তিনটি ম্যাচে দুই অঙ্কের রান পেতে ব্যর্থ হয়েছেন। এইডেন মার্করামও প্রত্যাশা পূরণ সেভাবে করতে পারছেন না। এই পরিস্থিতিতে পন্থকে ওপেন করতে পাঠিয়েও চমক দিতে পারে লখনউ সুপার জায়ান্টস।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, আকাশ দীপ, শার্দুল ঠাকুর, আবেশ খান, রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট সাব- প্রিন্স যাব, মনিমারান সিদ্ধার্থ, শাহবাজ আহমেদ, হিম্মত সিং, দিগ্বেশ রাঠী।












Click it and Unblock the Notifications