IPL 2025, KKR Captain: কেকেআরের নেতৃত্বে রাহানে, বেঙ্কটেশ সহ অধিনায়ক! জোর গুরুত্ব কেন তিনে?
IPL 2025, KKR Captain: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক করা হলো বেঙ্কটেশ আইয়ারকে।
আজই কেকেআরের জার্সি প্রকাশ করা হয়েছিল। কেকেআর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে। তিনবারের চ্যাম্পিয়ন বোঝাতে জার্সিতে রয়েছে তিনটি তারা।

তিনটি তারাকে আবার বর্ণনা করা হয়েছে করব, লড়ব, জিতব হিসেবে। আজ মার্চের ৩ তারিখ। ফলে ইংরেজি মাসের নিরিখেও এটি তিন নম্বর মাস। বিকেল তিনটে তেত্রিশ মিনিটে আজ অধিনায়ক হিসেবে রাহানের নাম ঘোষণা করা হলো।
বেঙ্কটেশ আইয়ার আইপিএলে কেকেআরের সর্বকালীন সেরা দর পাওয়া ক্রিকেটার। তিনি জানিয়েছিলেন, নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। তবে মনে করা হয়েছে, যেহেতু রাহানে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, মুম্বইকে সাফল্য দিয়েছেন অধিনায়ক হিসেবে, সেই অভিজ্ঞতাই তাঁকে এগিয়ে রাখল।
কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর আশাবাদী, অধিনায়ক হিসেবে রাহানে পরিণত, তাঁর অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে কেকেআর। বেঙ্কটেশ আইয়ারও কেকেআরে খেলছেন বিগত কয়েক বছর ধরে। তাঁরও লিডারশিপের দক্ষতা রয়েছে। ফলে তাঁরা দুজনে মিলে কেকেআরকে খেতাব দখলে রাখার অভিযান ভালোভাবেই শুরু করতে ইতিবাচক ভূমিকা নেবেন বলে আশাবাদী বেঙ্কি।
রাহানে বলেন, কেকেআরের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত। কেকেআরের আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমাদের দল যথেষ্টই ভালো, ভারসাম্যও রয়েছে। সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত।
২০২২ সালে রাহানে কেকেআরের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন। ১৩৩ রান করেন। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। এবারের নিলাম থেকে রাহানেকে দলে নিয়েছে কেকেআর।
২০০৮ সালে কলকাতা নাইট রাইডর্সের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে ১৩টি ম্যাচে নেতৃত্ব দেন ব্রেন্ডন ম্যাকালাম। ২০১১ থেকে ২০১৭ অবধি অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। ২০১১ সালে ২টি ম্যাচে নেতৃত্ব দেন জ্যাক কালিস। ২০১৮ থেকে ২০২০ অবধি কেকেআরের নেতৃত্বে ছিলেন দীনেশ কার্তিক।
২০২০ থেকে ২০২১ অবধি কেকেআরকে নেতৃত্ব দেন ইয়ন মর্গ্যান। ২০২২ থেকে ২০২৪ অবধি শ্রেয়স আইয়ার কেকেআরের ক্যাপ্টেন ছিলেন। তাঁর অনুপস্থিতিতে ২০২৩ সালে কেকেআরকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দেন নীতীশ রানা।
২০২৫ সালের আইপিএলের আগে যে নিলাম হয়েছিল তাতে দেড় কোটি টাকায় রাহানেকে কিনেছিল কেকেআর। সেখানে ২৩.৭৫ কোটি টাকায় কেনা হয় বেঙ্কটেশ আইয়ারকে। যদিও অধিনায়ক হিসেবে অভিজ্ঞতাই শেষ ল্যাপে রাহানেকে এগিয়ে দিল বেঙ্কটেশের চেয়ে। রিঙ্কু সিংয়ের অধিনায়ক হওয়া নিয়েও চর্চা ছিল। যদিও শেষ হাসি হাসলেন রাহানেই। মুম্বইয়েরই শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর গত বছর খেতাব জেতে। এবার আরও এক মুম্বইকরেই আস্থা রাখল শাহরুখ খানের দল।












Click it and Unblock the Notifications