IPL 2025: অজিঙ্ক রাহানে পিছনে ফেলছেন ধোনি, সৌরভদের! প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে গড়বেন বিরাট নজির
IPL 2025: আইপিএলে বিরল নজির গড়তে চলেছেন অজিঙ্ক রাহানে। ২২ মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআর অধিনায়ক হিসেবে আরসিবির বিরুদ্ধে টস করতে যাবেন রাহানে।
এই ম্যাচেই তিনি যে কীর্তি গড়তে চলেছেন তা আর কারও নেই। রোহিত শর্মা, বিরাট কোহলিরা তো ধারেকাছেই নেই। এমনকী মহেন্দ্র সিং ধোনি, শ্রেয়স আইয়াররাও পিছনে পড়ে যাবেন রাহানের।

অজিঙ্ক রাহানেই প্রথম ভারতীয় যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিতে চলেছেন। ২০১৭ সালে তিনি স্টিভ স্মিথের অনুপস্থিতিতে একটি ম্যাচে রাইজিং পুণে সুপারজায়ান্টকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের আইপিএলে অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করেছিল রাজস্থান রয়্যালস।
২০১৯ সালেও আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। এরপর ২০২০ সালে রাহানে চলে যান দিল্লি ক্যাপিটালসে। পাঁচটি মরশুম তিনি কাটিয়েছেন দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসে। তবে কোনও দলেই তিনি নেতৃত্বের ব্যাটন পাননি।
এবার কেকেআর দেড় কোটি টাকায় কিনে রাহানেকেই অধিনায়ক করেছে। আইপিএলে রাহানে ২৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার মধ্যে জয় এসেছে ৯টি ম্যাচে, হার ১৬টিতে। কেকেআরের অধিনায়ক হিসেবে তিনি দলকে খেতাব ধরে রাখতে সহায়তা করতে পারেন কিনা সেদিকে সকলের নজর। যদিও গতকাল প্রস্তুতি ম্যাচে রাহানে বিশেষ সুবিধা করতে পারেননি।
মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক ছিলেন। গৌতম গম্ভীর দিল্লি ডেয়ারডেভিলসের পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে।
শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন। এবার তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। ফলে রাহানের মতো তিনিও আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন। কিন্তু যেহেতু কেকেআর উদ্বোধনী ম্যাচ খেলবে, ফলে শ্রেয়সের আগেই তিনটি দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন রাহানে।
লোকেশ রাহুল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেছেন। ঋষভ পন্থ দিল্লির পর এবার লখনউয়ের অধিনায়ক। বীরেন্দ্র শেহওয়াগ দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন।
রাহুল দ্রাবিড় আরসিবি ও রাজস্থান রয়্যালস, হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স, দীনেশ কার্তিক দিল্লি ও কলকাতা, যুবরাজ সিং পাঞ্জাব ও পুণে, সৌরভ গঙ্গোপাধ্যায় পুণে ও কলকাতা, সুরেশ রায়না সিএসকে ও গুজরাত লায়ন্স, শিখর ধাওয়ান পাঞ্জাব ও হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন।
আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দিয়েছেন এমন ক্রিকেটাররা হলেন- কুমার সঙ্গকারা (ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ), স্টিভ স্মিথ (পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুণে সুপারজায়ান্ট, রাজস্থান রয়্যালস), মাহেলা জয়বর্ধনে (দিল্লি, কোচি ও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি)।












Click it and Unblock the Notifications