IPL 2025: আইপিএলে কেকেআরের অধিনায়কত্বের দৌড় নিয়ে মুখ খুললেন রাহানে, ইডেনে শতরানের পর লক্ষ্য টেস্টে কামব্যাক
IPL 2025: আইপিএলে শ্রেয়স আইয়ারের জায়গায় কলকাতা নাইট রাইডার্স কাকে অধিনায়ক করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দৌড়ে রয়েছেন অজিঙ্ক রাহানে।
বেঙ্কটেশ আইয়ার কেকেআরের সবচেয়ে দর পাওয়া ক্রিকেটার। অন্যদিকে, নাইট শিবিরে ফেরা রাহানের অধিনায়কত্ব-সহ সামগ্রিক অভিজ্ঞতা অনেকটাই বেশি।

হরিয়ানাকে হারিয়ে মুম্বই রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল। চলতি রঞ্জি ট্রফিতে এই প্রথম শতরান হাঁকালেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বিধ্বংসী ফর্মে ছিলেন। স্বাভাবিকভাবেই আজ রাহানের সাংবাদিক বৈঠকে উঠল কেকেআর প্রসঙ্গ।
রাহানের দাবি, অধিনায়কত্ব নিয়ে তাঁর সঙ্গে কেকেআরের কোনও আলোচনা হয়নি। কেউই কিছু জানেন না। রাহানে সাংবাদিকদের বলেন, যখন কিছু হবে তখন আমার আগে আপনারাই জানতে পারবেন। আপনারাই আমাকে ফোন করে অভিনন্দন জানাবেন।
তবে নেতৃত্বের ব্য়াটন নিতে তিনি যে তৈরি তা বুঝিয়ে দেন রাহানে। বলেন, আমি সবরকম পরিস্থিতিই দেখেছি। আমি অধিনায়কত্ব করেছি। বিভিন্ন রকম কন্ডিশনে খেলেছি। জানি কীভাবে দায়িত্ব পালন করতে হয়। ফলে যদি দায়িত্ব পাই, আমি তা পালনে প্রস্তুত।
গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাহানে এবার খেতাব দখলে রাখা থেকে দুই ধাপ দূরে। তিনি বলেন, অধিনায়ক হিসেবে বিবর্তন জরুরি। প্রত্যেক প্লেয়ারের মানসিকতা বোঝা গুরুত্বপূর্ণ। আমার কাজ হলো সতীর্থদের থেকে সেরাটা বের করে আনা। তাঁদের আত্মবিশ্বাস দেওয়া যাতে তাঁরা ভালো ক্রিকেট খেলতে পারেন। তবে ব্যক্তি নয়, দল সামগ্রিকভাবে কেমন খেলছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। বড় লক্ষ্যভেদে ব্যক্তি নয়, দলগত সংহতিই জরুরি।
বিসিসিআই যে তারকাদেরও ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করেছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানান রাহানে। তাঁর মতে, এতে তরুণ ক্রিকেটাররা সমৃদ্ধ হবেন। উপকৃত হবে ভারতীয় ক্রিকেট। ২০২৩ সালের পর ভারতের টেস্ট দলে জায়গা হয়নি অজিঙ্ক রাহানের। তবে রাহানে এখনও কামব্যাকের আশা ছাড়ছেন না।
রাহানে বলেন, আমি ভালো ব্যাটিং করছি। মুস্তাক আলিতেও ভালো খেলেছি। আগেও রান করেছি। আমার ব্যাটিং নিয়ে খুশি। ঘরোয়া ক্রিকেটই আমাকে সব কিছু দিয়েছে। সে কারণেই আমার আবেগ অটুট। আমি টেস্ট ক্রিকেটকে সম্মান করি। জানি না ভবিষ্যতে কী হবে। তবে এখনও আমার মধ্যে ক্রিকেট অবশিষ্ট আছে। আমি যে হৃদয় দিয়ে খেলি তা আপনারা দেখতেই পাচ্ছেন।
রাহানের কথায়, টেস্ট ক্রিকেটকে আমি সবার উপরে রাখি। আমার মধ্যে খিদেও রয়েছে। আমার মধ্যে আগুনও আগের মতোই রয়েছে। আমি বরাবরই ১০০ শতাংশের বেশি উজাড় করে দিতে চাই। ভালো মানসিকতা নিয়ে খেলা চালিয়ে যেতে চাই। এটায় আমাকে আপাতত কেউ থামাতে পারবে না। আমার মাথায় এখন শুধুই ঘরোয়া ক্রিকেট। সাফল্যের খিদেটাই মূল কথা। দল নিয়েই তাঁর যাবতীয় ফোকাস। প্রতিদিন নিজেকে উন্নত করতে চান। জুনে ইংল্যান্ড সফর। তার আগে ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর রাহানে।












Click it and Unblock the Notifications