IPL 2025: হোটেলে দৌড় থেকে কালীঘাটে সস্ত্রীক পুজো, ইডেনে রেকর্ড গড়ার আগে ফোকাসে রাহানে
IPL 2025: আইপিএলে আজ আর কিছুক্ষণ পরেই উদ্বোধনী ম্যাচে আরসিবির মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরকে এই প্রথম নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে।
আজকের ম্যাচে নামার আগে নাইট অধিনায়ককে দেখা গেল কালীঘাটে মন্দিরে। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আইপিএলে নয়া ইনিংসের সূচনা করতে চলেছেন রাহানে।

আজ রাহানে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন স্ত্রী রাধিকাকে নিয়ে। রাহানের কোলে ছিল পুত্র রাঘব। এদিন কেকেআর অধিনায়কের সঙ্গেই পুজো দিয়ে গিয়েছিলেন কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। রাহানেকে মন্দির চত্ত্বরে দেখেই ভিড় জমে যায়।
মন্দিরের ভিতর অনেকেই সস্ত্রীক রাহানের ছবি ও ভিডিও তুলে রাখেন। আইপিএলে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়তে চলেছেন রাহানে। তার আগে কোনও ভারতীয় আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি।
সেই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করতে চলেছেন রাহানে। আইপিএলে চতুর্থ ক্রিকেটার হিসেবে আরসিবির বিরুদ্ধে ৮০০ রান করার খুব কাছে পৌঁছে গিয়েছেন তিনি। এই নজির স্পর্শ করতে হলে আজকের ম্যাচে রাহাকে ৫৫ রান করতে হবে।
আরসিবির বিরুদ্ধে রাহানে আইপিএলে ২৩ ইনিংসে ৭৪৫ রান করেছেন। মহেন্দ্র সিং ধোনি আরসিবির বিরুদ্ধে সবচেয়ে বেশি ৮৬৪ রান করেছেন। ৩৩ ইনিংসে। ডেভিড ওয়ার্নারের ২৩ ইনিংসে রয়েছে ৮৬২ রান। রোহিত শর্মা ৩২টি ইনিংসে করেছেন ৮৩১ রান।
কলকাতায় পৌঁছেই রাহানেকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। রাহানে আগে কেকেআরে খেললেও অধিনায়কত্ব করেননি। তবে এবার অভিজ্ঞ রাহানের উপর আস্থা দেখিয়েছেন শাহরুখ খান-সহ কেকেআর ম্যানেজমেন্টের সকলেই।
রাহানে আগে রাইজিং পুণে সুপার জায়ান্ট ও রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন আইপিএলে। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে। রাহানে মোট ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ৯টিতে, হার ১৬টিতে। তবে হোম ম্যাচে ১১টির মধ্যে ৬টিতে জেতার অভিজ্ঞতা আছে রাহানের।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাহানের একটি ভিডিও। বাইপাসের ধারে যে হোটেলে কেকেআর রয়েছে সেখানেই রাহানেকে দেখা গিয়েছে হাতে ব্যাট আর পিঠে ব্যাগ নিয়ে দৌড়াতে। তাঁর পিছনে হোটেলের কর্মীদের ছুটতে দেখা গিয়েছে। জল্পনা, রাহানেকে রেখেই সম্ভবত ইডেনের দিকে যাচ্ছিল বাস। বাস যাতে মিস না হয় সে কারণেই রাহানের দৌড়।
KKR team bus leaving without their captain Rahane 😭😭 pic.twitter.com/j9GjlqyKcl
— Pick-up Shot (@96ShreyasIyer) March 21, 2025
শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে গত বছর কেকেআর খেতাব জিতেছিল। এবার খেতাব ধরে রাখার প্রত্যাশা। অজিঙ্ক রাহানে অনুশীলন ম্য়াচে ছন্দ পাননি। মনে করা হচ্ছে এদিন তিনি ওপেনই করবেন। জয় দিয়ে অভিযান শুরু করলে টানা ২টি অ্যাওয়ে ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে কেকেআর।












Click it and Unblock the Notifications