IPL 2025: কোহলির থেকে পেলেন অনুপ্রেরণার পাঠ, বিরাটকে নিয়ে মনের কথা লিখলেন অভিষেক
আইপিএলের মঞ্চে বাংলার ক্রিকেটারদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, বিগত কয়েক মরশুম ধরেই এটাই যেন প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। কিন্তু তারই মধ্যে অভিষেক পোড়েল, মুকেশ কুমার, মহম্মদ শামি, আকাশদীপদের মতো কয়েকজন সুযোগ পেয়েছেন আইপিএলের বিভিন্ন দলে। দিল্লি ক্যাপিটালস দলে কেএল রাহুল থাকলেও সুযোগ পাচ্ছেন অভিষেক পোড়েল। আইপিএলে টানা চার ম্যাচে জয়ে পেয়েছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে জয় পেয়েছে দিল্লি।
আরসিবির বিরুদ্ধে ম্যাচে দিল্লি দলে ছিলেন অভিষেক পোড়েল। পরিবর্ত হিসাবে নামা অভিষেক পোড়েল কার্যকরী ভূমিকা নিতে পারেনি সেই ম্যাচে। ৭ রান করেই আইট হন চন্দননগরের বঙ্গ সন্তান। কিন্তু ম্যাচ শেষে বিরাট সাক্ষাৎ পেয়েছেন অভিষেক। নিজের সমাজ মাধ্যমে বিরাটের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন অভিষেক। সেইসঙ্গে বিরাটের থেকে কী শিক্ষা পেয়েছেন সেই নিয়েও নিজের মনের কথা তুলে ধরেছেন অভিষেক।

বিরাট মানেই অনুপ্রেরণা, তিনি লক্ষ লক্ষ ক্রিকেটার শুধু নয়, একইসঙ্গে সাধারণ মানুষেরও কাছে আইকন। তাঁর খেলা শুধু নয়, ইচ্ছাশক্তি, মানসিকতা, শৃঙ্খলা অনুপ্রাণিত করে সমাজের সকল স্তরের মানুষকে। আরসিবির বিরুদ্ধে ম্যাচের পর বিরাটের সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ হাতছাড়া করেননি অভিষেক।
অভিষেক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করার পর ছবির ক্যাপশনে লিখেছেন, আমি এমন একজনের পাশে দাঁড়িয়ে যিনি একটি প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছেন। পাশাপাশি আরও কঠোর পরিশ্রম করার ক্ষেত্রেও প্রেরণা জুগিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে সাফল্য শুধুমাত্র প্রতিভার উপর নির্ভর করে না। মানসিকতা, শৃঙ্খলা এই বিষয়গুলিও যুক্ত থাকে। পাশাপাশি ব্যর্থতার সময় উঠে দাঁড়ানোর ইচ্ছাশক্তির প্রয়োজন হয় তার উপরও নির্ভর করে সাফল্য।
বাংলার হয়ে ধারাবাহিক ভালো খেলার পর আইপিএলে সুযোগ পেয়েছেন। পাশাপাশি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। এর আগে ধোনির থেকেই পরামর্শ পেয়েছিলেন অভিষেক। উইকেটকিপিং নিয়ে ধোনির থেকে টিপস পান অভিষেক। ২০২৫ সালের আইপিএলে এখনও পর্যন্ত ব্য়াট হাতে খুব ভালো পারফরম্যান্স আসেনি অভিষেকের ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications