IPL 2024: পারিবারিক দায়িত্ব সামলে ফিরছেন বাইশ গজে, আরসিবির সাম্রাজ্যে কিং কোহলির আগমন কবে?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের পর থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন বিরাট কোহলি। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলেননি বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছিল।
ফেব্রুয়ারি মাসে নিজেদের দ্বিতীয় সন্তান আগমনের কথা ঘোষণা করেন বিরুষ্কা। তারপরও এখনও মাঠে ফেরার বিষয়ে কিছু জানাননি কিং কোহলি। এবার শুরু হচ্ছে আইপিএল মরশুম। এবারও আরসিবি দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিই। কিন্তু কবে আরসিবি শিবিরে যোগ দেবেন দলের প্রাক্তন অধিনায়ক? এই নিয়ে চর্চার মধ্যেই পাওয়া গেল বিরাট আপডেট।

বিরাট কোহলি ১৭ মার্চের আগে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রাক-মরশুম শিবিরে যোগ দেবেন। আরসিবির প্রাক্তন অধিনায়ক ২২ শে মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরশুমে উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতামূলক ব্যাট হাতে ২২ গজে নামতে পারেন, এমনটাই উল্লেখ করা হয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদেনে।
জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের পর থেকে কোহলি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। টি২০ বিশ্বকাপে কোহলি দলে না থাকা নিয়ে চর্চা শুরু হয়েছে। এবারের আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে হয়তো তাঁর কথা ভাবা হতে পারে।
এখনও পর্যন্ত ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি আইপিএলে খেলেছেন বিরাট কোহলি। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ১৬ বছরে একটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন কিং কোহলি। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হয়েছিল। ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন আবার নেতৃত্বের ব্যাটন ছেড়ে ক্রিকেটার তকমাতেই ফিরে গিয়েছেন। কিন্তু আরসিবির সঙ্গে সম্পর্ক ছেদ হয়নি।
মাত্র ১২ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে খেলার সুযোগ পান কোহলি, যদিও প্রথম সিজিনে তুলনামূলক ব্যার্থ হয়েছিলেন তিনি। ২০০৮ আইপিএল মরশুমে কোহলি ১৩ ইনিংসে মাত্র ১৫ গড়ে ১৬৫ রান বানাতে সক্ষম হয়েছেন। তবে দীর্ঘ ১৬ বছরে সেই রান গিয়ে দাঁড়িয়েছে ৭২৬৩ তে। আইপিএল ইতিহাসে সর্বাধিক রান ও সেঞ্চুরি বিরাটের ব্যাট থেকেই এসেছে।
এখনও পর্যন্ত ২৩৭টি ম্যাচে ৭২৬৩ রান করেছেন। ব্যাটসম্যান বা অধিনায়ক, এখনও পর্যন্ত কোন বারই আইপিএল ট্রফি জিততে পারেননি কিং কোহলি। ২০২৪ সালে তাঁর আইপিএল ট্রফি জয়ের স্বপ্নপূরণ হবে?












Click it and Unblock the Notifications