IPL 2024: আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর, কাদের হারিয়ে? সব আগাম জানিয়ে দিল সুপার কম্পিউটার
IPL 2024: আইপিএলের রবিবাসরীয় ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি কে হবে? উত্তর মিলবে কাল চেন্নাইয়ের চিপকে।
কলকাতা নাইট রাইডার্স লিগ পর্বে ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে চলে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস কাল মুখোমুখি হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

এরই মধ্যে শোরগোল ফেলে দিল সুপার কম্পিউটার। তার দাবি আদৌ মেলে কিনা তার দুটি পরীক্ষা দেখা যাবে কাল এবং রবিবার। যদি সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী মিলে যায় তাহলে টি২০ বিশ্বকাপেও তাকে নিয়ে যে মাতামাতি চরম পর্যায়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
সুপার কম্পিউটার বেসসি (BETSiE)-র মতে, কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্লে-অফ শুরুর আগে যেখানে ছিল ৩৮.১০ শতাংশ, তা এখন বেড়ে হয়েছে ৫৩.৮০ শতাংশ। সানরাইজার্স হায়দরাবাদের কাপ জয়ের সম্ভাবনা ২১.৯০ শতাংশ, রাজস্থান রয়্যালসের ২৪.৩০ শতাংশ।
এই সুপার কম্পিউটারের দাবি, ফাইনালে ওঠার সম্ভাবনা রাজস্থান রয়্যালসেরই বেশি। কালকের দ্বিতীয় কোয়ালিফায়ার জেতার সম্ভাবনা রাজস্থান রয়্যালসের ৫১.২০ শতাংশ, সানরাইজার্সের ক্ষেত্রে তা ৪৮.৮০ শতাংশ। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ের সম্ভাব্য ব্যবধানও জানিয়ে দিচ্ছে সুপার কম্পিউটার।
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দ্বিতীয় কোয়ালিফায়ারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজস্থান রয়্যালস ১৯০ রান তুললে ১৮৬ রানের বেশি এগোতে পারবে না সানরাইজার্স হায়দরাবাদ। উল্লেখ্য, দুই দলের শেষ দুটি সাক্ষাতে রুদ্ধশ্বাস জয়ই ছিনিয়ে নিয়েছিল অরেঞ্জ আর্মি।
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ফাইনালে কেকেআরের দ্বৈরথ হবে রাজস্থান রয়্যালসের সঙ্গেই। সেক্ষেত্রে এগিয়ে নাইটরাই। ফাইনাল জেতার সম্ভাব্য ব্যবধানও জানিয়েছে সুপার কম্পিউটার। সানরাইজার্স ফাইনালে গেলে কেকেআর ২১২ রান তুলবে, সানরাইজার্স থামবে ১৯৮ রানে। রাজস্থান রয়্যালস ফাইনালে গেলে কেকেআর যদি ১৮৯ রান তোলে, তাহলে রাজস্থান রয়্যালস ১৮০ রানে খুব বেশি হলে পৌঁছবে। আইপিএলের নানাবিধ তথ্য যাচাইয়ের মাধ্যমেই এই ভবিষ্যদ্বাণী বলে জানানো হয়েছে ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে।
এদিকে, আজ চিপকে পুরোদমে অনুশীলন সেরেছে কেকেআর। সকালে ছিল তিন ঘণ্টার জিম সেশন। বিকেল পাঁচটা থেকে রাত অবধি চলা প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের। কাল যেহেতু চিপকে দ্বিতীয় কোয়ালিফায়ার রয়েছে, ফলে ক্রিকেট থেকে দূরেই থাকবেন নাইটরা। বেলা ১২টা থেকে ২টো অবধি জিম সেশন। সন্ধ্যা সাড়ে সাতটায় টিম ডিনার। নিশ্চিতভাবেই সকলের চোখ থাকবে টিভিতে। প্রতিপক্ষদের মেপে নিতে কেউ কেউ স্টেডিয়ামেও যেতে পারেন।












Click it and Unblock the Notifications