IPL 2024: কেকেআরে ব্রাত্য হয়ে যাওয়ার সদুত্তর খুঁজছেন শুভমান গিল, শাহরুখের মত জানতে মুখিয়ে
IPL 2024: শুভমান গিল এখন গুজরাত টাইটান্সের অধিনায়ক। কিন্তু কলকাতা নাইট রাইডার্স শিবিরে ব্রাত্য হয়ে যাওয়ার বিষয়ে এখনও সদুত্তর খুঁজে চলেছেন ভারতীয় দলের এই তারকা।
২০১৮ থেকে ২০২১ সাল অবধি তিনি আইপিএল খেলেন কেকেআরের হয়ে। ২০২২ সাল থেকে রয়েছেন গুজরাত টাইটান্সে।

২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অবদান রাখেন শুভমান। এরপরই তাঁকে দলে নিয়েছিল কেকেআর। ২০১৮ সালের আইপিএলে ১৩ ম্যাচে ২০৩ ও ২০১৯ সালে ১৪ ম্যাচে ২৯৬ রান করেন। ২০১৮ সালে একটি অর্ধশতরান ও পরের বছর তিনটি অর্ধশতরান করেন।
২০২০ সালের আইপিএলে ১৪ ম্যাচে শুভমান করেন ৪৪০ রান, তিনটি অর্ধশতরানের সৌজন্যে। ২০২১ সালে কেকেআরের হয়ে ১৭টি ম্যাচ খেলে ৪৭৮ রান করেছিলেন পাঞ্জাবের এই ব্যাটার। সেবারও তিনটি হাফ সেঞ্চুরি হাঁকান। যদিও ২০২২ সালের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় কেকেআর।
২০২২ ও ২০২৩ সালে গুজরাত টাইটান্সের হয়ে যথাক্রমে ১৬ ও ১৭টি ম্যাচে ৪৮৩ ও ৮৯০ রান করেন গিল। ২০২২ সালে চারটি অর্ধশতরান করেন। ২০২৩ সালের আইপিএলে শুভমানের ব্যাট থেকে এসেছিল তিনটি শতরান ও চারটি অর্ধশতরান। যা দেখে অনেকেই বলেছেন, গিলকে ছেড়ে বড় ভুল করেছে কেকেআর।
চলতি আইপিএলে শুভমান ৪টি ম্যাচ খেলে ১৬৪ রান করেছেন, একটি অর্ধশতরান পেয়েছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে সংগীতশিল্পী এড শিরানের সঙ্গে গিলের একটি কথোপকথন। যাতে উঠে এসেছে কেকেআরের অপ্রত্যাশিত সিদ্ধান্তে তাঁর অবাক হওয়ার বিষয়টি।
এড শিরান জানতেন না গিল শাহরুখ খানের কেকেআরের হয়ে খেলেছেন। ইডেনে কেরিয়ারের প্রথম টি২০ শতরান হাঁকানোর পর ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শুভমান জানিয়েছিলেন, কলকাতার ক্রিকেটপ্রেমীদের সঙ্গে তাঁর ভালোবাসার নিবিড় সম্পর্কের কথা। ইডেনের গেটের কাছে তাঁদের সঙ্গে ছবি তোলেন, দেদার অটোগ্রাফ বিলোন।
শুভমানও জানেন এই সম্পর্ক মজবুত হয়েছে কেকেআরের হয়ে তাঁর আইপিএল খেলার জন্যই। গিলের সঙ্গে আলাপচারিতায় এড শিরান জানান, শাহরুখ খানের বাড়িতে তিনি নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। গিল তখন শিরানকে বলেন, শাহরুখকে জিজ্ঞাসা করতে কেন তাঁকে কেকেআর ধরে রাখেনি! বিষয়টি মজাচ্ছলে গিল বললেও কেকেআরে ব্রাত্য হয়ে যাওয়ার আসল কারণ যে তিনি এখনও খুঁজে চলেছেন সেটাও স্পষ্ট। বিষয়টি যে এখনও তিনি মন থেকে মানতে পারেননি সেটাও বোঝা যাচ্ছে গিলের আপাতনিরীহ অথচ গভীর অর্থবাহী মন্তব্যে।












Click it and Unblock the Notifications