IPL 2024, SRH vs RR Updates: রাজস্থানের বিজয়রথ থামাল সানরাইজার্স, দুরন্ত বোলিং টি২০ বিশ্বকাপে ব্রাত্য ভুবির
IPL 2024, SRH vs RR Updates: আইপিএলে আজ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ খেলছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
চলতি আইপিএলের ৫০তম ম্যাচটি পয়েন্ট তালিকার দলগত অবস্থানের নিরিখে এক বনাম পাঁচের লড়াই। হায়দরাবাদ জিতলে তিনে উঠে আসবে। ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

রুদ্ধশ্বাস জয়
চলতি আইপিএলে দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন রাজস্থান রয়্যালস। শেষ ওভারে ১৩ তুলতে না পেরে। টার্গেট ছিল ২০২ রানের, ৭ উইকেটে ২০০ রানেই আটকে গেল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল। প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। দ্বিতীয় বলে জস বাটলার ও পঞ্চম বলে অধিনায়ক সঞ্জু স্যামসনকে খালি হাতে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। ১ রানে দুই উইকেট, এই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। তাঁরা দুজনে তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান যোগ করেন।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার পর এদিন ৪০ বলে ৬৭ রান করলেন যশস্বী। সাতটি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। রিয়ান পরাগ ৪৯ বলে ৭৭ রান করে প্যাট কামিন্সের শিকার হন ১৫.৫ ওভারে দলের ১৫৯ রানের মাথায়। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার, চারটি ছয়।
শিমরন হেটমায়ার ৯ বলে ১৩ ও ধ্রুব জুরেল ৩ বলে ১ রান করে আউট হন। চার বলের ব্যবধানে এই দুটি উইকেট হারায় রাজস্থান। শেষ ২ ওভারে জেতার জন্য ২০ রান দরকার ছিল। ১৯তম ওভারে প্রথম বলে জুরেলকে ফেরানোর পরের বলে ১ রান নেন অশ্বিন। পরের তিন বলে কোনও রান না হলেও শেষ বলে ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল।
শেষ ওভারের শেষ বলে পাওয়েল ভুবির ডেলিভারিতে লেগ বিফোর হতেই রাজস্থান রয়্যালসের জয়ের স্বপ্ন চুরমার। ১৫ বলে ২৭ করেন পাওয়েল, অশ্বিন অপরাজিত থাকেন ২ রানে। ভুবনেশ্বর ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন তিন উইকেট। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট দখল করে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির দখল নিলেন টি নটরাজন। কামিন্সও পান ২ উইকেট।
রাজস্থান রয়্যালস চলতি আইপিএলে প্রথম চারটি ম্যাচ জেতার পর প্রথম পরাজয়ের সম্মুখীন হয়েছিল। আজকের পরাজয়ও টানা চারটি ম্যাচ জেতার পর। ১০ ম্যাচের পর ১৬ পয়েন্টেই দাঁড়িয়ে স্যামসনরা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো সানরাইজার্স, হারের হ্যাটট্রিক এড়িয়ে।
রাজস্থানের টার্গেট ২০২
রাজস্থান রয়্যালসের সামনে জেতার জন্য ২০২ রানের লক্ষ্যমাত্রা দিল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ব্য়াট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে প্যাট কামিন্সের দল। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৮ রান করেন ওপেনার ট্রাভিস হেড। অভিষেক শর্মা ১২, আনমোলপ্রীত সিং ৫ রান করেন। নীতীশ কুমার রেড্ডি তিনটি চার ও আটটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। হেইনরিখ ক্লাসেন ১৯ বলে অপরাজিত ৪২, তিনটি করে চার ও ছয় মেরেছেন। আবেশ খান ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। সন্দীপ শর্মা পেয়েছেন ১টি উইকেট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে দেন ৬২। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩৩, রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৬ রান দেন, উইকেট পাননি।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের দ্বৈরথ হয়েছে মোট ১৮টি। তার মধ্যে দুই দলই জিতেছে ৯টি করে ম্যাচ। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখে রাজস্থান এগিয়ে ৩-২ ব্যবধানে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদে ৭২ রানে জিতেছিল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদ ফিরতি সাক্ষাতে জয়পুরে জেতে। শেষ বলে জয় এসেছিল ৪ উইকেটে।












Click it and Unblock the Notifications