IPL 2024: ঘরের মাঠে জিতলেই প্লে-অফ পাকা সানরাইজার্স হায়দরাবাদের, আইপিএলে শেষ ম্যাচে নামছে গুজরাত টাইটান্স
IPL 2024: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ লিগ পর্বে তাদের শেষ দুটি ম্যাচ খেলবে হায়দরাবাদে। কাল প্যাট কামিন্সের দলের সামনে ইতিমধ্যেই ছিটকে যাওয়া গুজরাত টাইটান্স।
গুজরাত টাইটান্স চলতি আইপিএলের শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচে জিতলেই প্লে-অফ পাকা করে ফেলবে সানরাইজার্স।

আইপিএলে মোট চারবার সানরাইজার্স খেলেছে গুজরাতের বিরুদ্ধে। ২০২২ সালে প্রথম সাক্ষাতে সানরাইজার্সের জয় এসেছিল ৫ বল বাকি থাকতে ৮ উইকেটে। ফিরতি সাক্ষাতে শেষ বলে ৫ উইকেটে জয় পেয়েছিল গুজরাত টাইটান্স। তারপর ২০২৩ সালে ৩৪ রানে ও চলতি আইপিএলে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে হায়দরাবাদকে হারিয়েছে গুজরাত।
লখনউয়ের বিরুদ্ধে ১৬৬ রান দশ ওভারের মধ্যেই তাড়া করে ১০ উইকেটে জেতার ৮ দিন পর মাঠে নামছে সানরাইজার্স। অন্যদিকে, আমেদাবাদে বৃষ্টির কারণে কেকেআর ম্যাচ পণ্ড হতেই প্লে-অফের আশা শেষ হয়ে যায় টাইটান্সের। ফলে হোম ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে সানরাইজার্স।
চলতি আইপিএলে সব ম্যাচই হাই স্কোরিং হয়েছে হায়দরাবাদে। একটি ম্যাচেই শুধু কোনও দল ২০০ স্পর্শ করতে পারেনি। কালকের ম্যাচেও ব্যাটিং সহায়ক উইকেট থাকবে বলে মনে করা হচ্ছে। হায়দরাবাদে গরম ভালোই। রয়েছে আপেক্ষিক আর্দ্রতার চ্যালেঞ্জ। আকাশে মেঘ থাকবে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে না।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ময়াঙ্ক আগরওয়াল, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), মার্কো জানসেন বা গ্লেন ফিলিপস, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি নটরাজন। বোলিংয়ের সময়- উমরান মালিক বা জয়দেব উনাদকাট।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুদর্শন, এম শাহরুখ খান, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, জশ লিটল বা আজমাতুল্লাহ ওমরজাই। বোলিংয়ের সময়- আর সাই কিশোর বা সন্দীপ ওয়ারিয়ার।












Click it and Unblock the Notifications