IPL 2024: আরসিবিকে খাদের কিনারায় পাঠালেন কামিন্সরা, সানরাইজার্স হায়দরাবাদের বড় জয়ে প্রচুর নজির
IPL 2024: আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে ষষ্ঠ পরাজয়, টানা পাঁচটিতে হার। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই বেজে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ঘণ্টা।
২৮৮ রানের রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-তে বিরাট কোহলি, ফাফ দু প্লেসি ঝড় তুলেছিলেন। কিন্তু ময়াঙ্ক মার্কণ্ডের গুগলিতে ঠকে বিরাট বোল্ড হতেই উধাও চিন্নাস্বামীর শব্দব্রহ্ম।

চলতি আইপিএল প্রথম দল হিসেবে আজ সপ্তম ম্যাচ খেলে ফেলল আরসিবি। হারার ফলে পয়েন্ট তালিকায় অবস্থান সকলের নীচে, সাকুল্যে ২ পয়েন্ট। ফলে বাকি ৭টি ম্যাচের সব কটিতেও জিতলে ফাফ দু প্লেসির দল পৌঁছবে ১৬ পয়েন্টে। তাতেও প্লে-অফে যেতে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের নিরিখে আরসিবি (বিনা উইকেটে ৭৯) তিন রানে এগিয়ে ছিল সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে। ৬.২ ওভারে বিরাট কোহলি বোল্ড হয়ে যান স্যুইপ মারতে গিয়ে। প্রথম উইকেটের পতন ৮০ রানে। বিরাট করেন ২০ বলে ৪২, মেরেছেন ৬টি চার ও ২টি ছয়।
এরপর মিডল অর্ডারে ধস নামতেই ম্যাচ থেকে ক্রমাগত হারিয়ে যেতে থাকে আরসিবি। অষ্টম ওভারের শেষ বলে ১০০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সেখান থেকে দশম ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২২। রজত পাটীদার ৯, সৌরভ চৌহান ১ রানে আউট হন।
অধিনায়ক ফাফ দু প্লেসি সাতটি চার ও চারটি ছয়ের দৌলতে ২৮ বলে ৬২ রান করেন। মহীপাল লোমরর করেন ১১ বলে ১৯। দীনেশ কার্তিক অর্ধশতরান করলেও তা জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। কার্তিক এদিন ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।
পাঁচটি চার ও সাতটি ছয় মেরে দীনেশ কার্তিক আউট হন ৩৫ বলে ৮৩ রান করে। আরসিবি শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে। আইপিএলে কোনও ম্যাচে সবচেয়ে বেশি ৩৮টি ছয়, দলগত মোট সর্বাধিক রানের রেকর্ডের সাক্ষী থাকল আজকের এই দ্বৈরথ।
অনুজ রাওয়াত ১৪ বলে ২৫ ও বিজয়কুমার ভিশাক ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। প্যাট কামিন্স ৪ ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন। ময়াঙ্ক মার্কণ্ডে ২টি ও টি নটরাজন ১টি উইকেট পেলেন। সানরাইজার্স জিতল ২৫ রানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রইল তিনেই। কেকেআর, চেন্নাই সুপার কিংসেরও রয়েছে ৮ পয়েন্ট করে। কেকেআর কাল ষষ্ঠ ম্যাচ খেলবে।
এর আগে, টস জিতে এদিন ফিল্ডিং নেয় আরসিবি। ট্রাভিস হেডের ১০২, হেইনরিখ ক্লাসেনের ৬৭, আবদুল সামাদের অপরাজিত ৩৭, অভিষেক শর্মার ৩৪, এইডেন মার্করামের অপরাজিত ৩২ রান সানরাইজার্সকে পৌঁছে দেয় ৩ উইকেটে ২৮৭-তে।
টি২০-তে এটি সর্বাধিক দলগত স্কোরের তালিকায় রয়েছে দুইয়ে। এশিয়ান গেমসে নেপাল সর্বাধিক ৩ উইকেটে ৩১৪ তুলেছিল মঙ্গোলিয়ার বিরুদ্ধে। ট্রাভিস হেড ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন সানরাইজার্সকে তিনশোর মাইলস্টোনে পৌঁছে দেওয়ার।
টি২০-তে সবচেয়ে বেশি তিনবার ২৫০-র বেশি রান করেছে সারে। ইয়র্কশায়ার, চেক প্রজাতন্ত্র ও সমারসেটের সঙ্গে এবার নাম লেখাল সানরাইজার্স, এই চারটি দল ২ বার করে আড়াইশো পেরিয়েছে টি২০-তে। রিস টপলি ৬৮, যশ দয়াল ৫১, লকি ফার্গুসন ৫২ ও বিজয়কুমার ভিশাক ৬৪ রান দেন। টি২০ ক্রিকেটে এই প্রথম কোনও ইনিংসে চার বোলার ৫০-এর বেশি রান দিলেন।
আইপিএলে প্রতিপক্ষের সবচেয়ে বেশি শতরান আরসিবিকেই হজম করতে হলো। এই নিয়ে ১৩ বার আরসিবির প্রতিপক্ষ দলের ব্যাটার শতরান পেলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২ বার শতরান করেছেন প্রতিপক্ষ দলের ব্যাটাররা। ২০০৮ সালে আরসিবির বিরুদ্ধে কেকেআরের চারটি ৫০ রানের বেশি পার্টনারশিপ হয়েছিল। সেই নজির এদিন স্পর্শ করল সানরাইজার্স হায়দরাবাদ। দুটি ম্যাচই চিন্নাস্বামীতেই।












Click it and Unblock the Notifications