IPL 2024: দিল্লি দল নয়, সময় নষ্টের জন্য দায়ী সঞ্জু! লড়াই করেও পন্থকে বাঁচাতে পারলেন না সৌরভ
ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন অনেক সময়ই ম্যাচ রেফারিদের কড়া শাস্তির হাত থেকে সতীর্থদের বাঁচিয়ে দিতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তাঁর ভূমিকা পাল্টেছে। বর্তমানে দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে মহারাজ। মহারাজের ভূমিকা পাল্টালেও কঠিন সময় হলেই তাঁকেই প্রয়োজন হয় দলের।
একই মরশুমে তৃতীয়বার স্লো-ওভার রেটের জন্য দিল্লি দলের অধিনায়ক ঋষভ পন্থকে আর্থিক শাস্তি দেওয়ার পাশাপাশি এক ম্যাচে নির্বাসিতও করেছে আইপিএল কমিটি। রাজস্থান ম্যাচের পর দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল দায়ের করেছিল। এর পরে, আপিলটি পর্যালোচনার জন্য বিসিসিআই ওম্বুডসমানের কাছে পাঠানো হয়েছিল। সেখানে অধিনায়ককে বাঁচাতে আসরে নামেন দাদা।

ওম্বুডসমানের কাছে শুনানি সৌরভ দিল্লি দলের হয়ে বক্তব্য তুলে ধরেন। দাদার বক্তব্য অনুসারে, ''রাজস্থানের ব্যাটসম্যানরা তাদের ইনিংসে ১৩টি ছক্কা মেরেছেন। তাই ছয়ের পর বল ফেরত আসতে অনেক বেশি সময় লেগেছে। এর জন্য দিল্লির ক্রিকেটারদের দোষ নেই। এ ছাড়াও সঞ্জু আউট হওয়ার পর অনেক বিতর্ক তৈরি হয়। অ্যাম্পায়ারের সঙ্গে কথা বলেন সঞ্জু। ৩ মিনিটের বেশি সময় নষ্ট করেছে।'
সৌরভের যুক্তি ছিল দেখে মনে হয়েছে, পরিকল্পিত ভাবে সময় নষ্ট করা হয়েছে। শুধু সৌরভ নয় একইসঙ্গে জোর সওয়াল করেন দিল্লি দলের কোচ রিকি পন্টিংও। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ রেফারির সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হয়। কড়া শাস্তি পান পন্থ।
আইপিএলের ন্যূনতম ওভার-রেটের অপরাধের সঙ্গে সম্পর্কিত আচরণবিধির অধীনে এটি দিল্লি দলের মরশুমের তৃতীয় অপরাধ ছিল। এরআগেও দুইবার একই অপরাধ করেছে দিল্লি। কিন্তু তৃতীয়বার হওয়াতে অধিনায়ক ঋষভ পন্থকে ৩০ লক্ষ টাকা জরিমানা ও এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে আইপিএল কমিটির পক্ষ থেকে।
দিল্লি ক্যাপিটালস এবার প্রবলভাবে রয়েছে প্লে অফের লড়াইয়ে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। নেট রান রেট মাইনাস (-) ০.৩১৬।রবিবার সন্ধ্যায় আরসিবির বিরুদ্ধে নামছে দিল্লি দল। এই ম্যাচে খেলতে পারবেন না পন্থ।












Click it and Unblock the Notifications