IPL 2024: হার্দিক মুম্বইয়ে ফিরলে অধিনায়ক বাছতে হবে গুজরাতকে! শুভমান, উইলিয়ামসনের সঙ্গে দৌড়ে কারা?
IPL 2024: আইপিএলে সবচেয়ে বড় চমকটি দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেডিংয়ের রেকর্ড গড়ে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার ঘর ওয়াপসির ঘটনা ঘটিয়ে। কালকের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে।
হার্দিককে হারালে গুজরাত টাইটান্সকে ভালো মানের অলরাউন্ডার নিতে হবে নিলাম থেকে। তবে তার চেয়েও যেটা বেশি জরুরি তা হলো, অধিনায়ক বেছে নেওয়া। হার্দিকের নেতৃত্বে প্রথমবার টাইটান্স আইপিএল খেতাব জিতে, পরের মরশুমে রানার-আপ।

হার্দিক পাণ্ডিয়ার দলত্যাগের ফলে গুজরাত টাইটান্স শুভমান গিলকে অধিনায়ক করে চমক দিতে পারে। ভারতের হয়ে তিন ফরম্যাটেই তিনি দারুণ ছন্দে রয়েছে। ভবিষ্যতে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার পাশাপাশি তাঁর কাঁধে দেশের অধিনায়কত্বের দায়িত্বও আসতে পারে। সেক্ষেত্রে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে গিল নিজের নেতৃত্বদানের দক্ষতা বিকশিত করতে পারেন।
গুজরাত টাইটান্স অধিনায়ক করে দিতে পারে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে। চলতি বিশ্বকাপে ফিটনেসজনিত কারণে উইলিয়ামসন সব ম্য়াচ খেলতে না পারলেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চলতি বছরের আইপিএলে প্রথম ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। বেশ কয়েক মাস পর মাঠে ফেরেন।
উইলিয়ামসন যেমন নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ, তেমনই আইপিএলেও নেতৃত্ব দিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদ তাঁর অধিনায়কত্বে ২০১৮ ও ২০২০ সালে আইপিএলের প্লে-অফেও পৌঁছেছিল। ফলে উইলিয়ামসনের হাতেও যেতে পারে গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন্সির ব্যাটন।
হার্দিকের অনুপস্থিতিতে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের তারকা রশিদ খানেরও। টাইটান্স দলের একাদশে নিময়িত ক্রিকেটারদের একজন রশিদ। বল হাতে বটেই, ব্যাটিং করেও ম্যাচ ঘোরানোর দক্ষতা রাখেন। উইকেটকিপার হিসেবে যেহেতু ঋদ্ধিমান সাহাই গুজরাত টাইটান্সে এগিয়ে, সেক্ষেত্রে ম্যাথু ওয়েডকে অধিনায়ক করার সম্ভাবনা নেই বললেই চলে।
ওয়েড বর্তমানে ভারতীয় দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। চর্চায় রয়েছে ডেভিড মিলারের নামও। এই প্রোটিয়া তারকাও গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইন-আপের অন্যতম স্তম্ভ। নিলাম থেকেও কাউকে তুলে নিয়ে গুজরাত টাইটান্স তাঁকে অধিনায়ক করে দিতে পারে। সূত্রের খবর, গুজরাত টাইটান্স এবার ছেড়ে দিতে চলেছে যশ দয়াল, দাসুন শনাকা, ওডেন স্মিথ, প্রদীপ সাঙ্গওয়ান, উর্বিল প্যাটেলকেও।












Click it and Unblock the Notifications