IPL 2024: হেটমায়ার হিট! পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ১০ পয়েন্টে রাজস্থান রয়্যালস
IPL 2024: রাজস্থান রয়্যালস ফের জয়ের সরণিতে। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে পৌঁছে গেল ১০ পয়েন্টে। ১৪৮ রানের টার্গেটে অবশ্য সঞ্জু স্যামসনরা পৌঁছল ১ বল বাকি থাকতে।
১০ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে স্নায়ুযুদ্ধ জেতালেন শিমরন হেটমায়ার। রাজস্থান রয়্যালসের জয় তিন উইকেটে।

জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি ভাঙে ৮.২ ওভারে ৫৬ রানে। চোটের কারণে ছিলেন না জস বাটলার। তাঁর পরিবর্তে ওপেন করতে নামা তনুশ কোটিয়ান ৩১ বলে ২৪ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে বোল্ড হয়ে যান।
১১.৪ ওভারে ৮৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। যশস্বী জয়সওয়াল চারটি চারের সাহায্যে ২৮ বলে ৩৯ রান করে কাগিসো রাবাডার শিকার হন। ১৩.২ ওভারে রাবাডাই ফেরান সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালস অধিনায়ক ১৪ বলে ১৮ রান করে লেগ বিফোর হন, রিভিউ নিয়েও লাভ হয়নি।
৮৯ রানে তৃতীয় উইকেট পড়ার পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। ১৬.৪ ওভারে ১১৩ রানে চতুর্থ উইকেট হারায় রাজস্থান। জীবন পাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করতে না পেরে তিনি ১৮ বলে ২৩ রান করেই সাজঘরে ফেরেন, অর্শদীপ সিংয়ের শিকার হয়ে।
এই ওভারের শেষ বলে সিমরন হেটমায়ারের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার। যদিও ডিআরএস বাঁচিয়ে দেয় হেটমায়ারকে। ফলে ১৬ বলে প্রয়োজন দাঁড়ায় ৩৩ রানের। ১৭.২ ওভারে হর্ষল প্যাটেল ফেরান জুরেলকে (১১ বলে ৬), ১১৫ রানে পড়ে পঞ্চম উইকেট।
এরপর আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে রাজস্থানকে ট্র্যাকে ফেরান শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। ১৮.৩ ওভারে পাওয়েল স্যাম কারানের শিকার। ৫ বলে করেন ১১। ১৯তম ওভারের শেষ বলে কেশব মহারাজের (২ বলে ১) উইকেট তুলে নেন কারান, সপ্তম উইকেটের পতন ১৩৮ রানে।
শেষ ওভারে দরকার ছিল ১০। প্রথম ২ বলে কোনও রান দেননি অর্শদীপ সিং। তৃতীয় বলে ছয় মারেন হেটমায়ার। চতুর্থ বলে স্যাম কারানের মিসফিল্ড আরও ২ রান এনে দেয়। এরপর পঞ্চম বলে উইনিং শট হাঁকান হেটমায়ার। তিনি ১টি চার ও তিনটি ছয় মেরেছেন।
কাগিসো রাবাডা ৪ ওভারে ১৮ ও কারান ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি করে উইকেট নেন। অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন ও হর্ষল প্যাটেল পেলেন ১টি করে উইকেট।
এদিন মুল্লানপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে পাঞ্জাব কিংস। ১২.১ ওভারে ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্যাম কারানের নেতৃত্বাধীন দল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিংস অধিনায়ক শিখর ধাওয়ান।
ইমপ্যাক্ট সাব হিসেবে আটে নেমে সর্বাধিক রান করেন আশুতোষ শর্মা। তিনি ১৬ বলে ৩১ রান করে আউট হন। দুই ওপেনার- অথর্ব তাইড়ে ও জনি বেয়ারস্টো ব্যক্তিগত ১৫ রানের বেশি করতে পারেননি। প্রভসিমরণ সিং ১০, স্যাম কারান ৬, জিতেশ শর্মা ২৯, শশাঙ্ক সিং ৯, লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২১ রান করেন।
হরপ্রীত ব্রার তিন রানে অপরাজিত থাকেন। আবেশ খান ও কেশব মহারাজ ২টি করে এবং ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহাল পেয়েছেন ১টি করে উইকেট।
এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। পাঞ্জাব কিংস ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। নে রান রেট মাইনাস (-) ০.২১৮।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications