IPL 2024: কেকেআরে রইলেন রাসেল-নারিন! শাকিব, লিটন, সাউদি থেকে শার্দুল, উমেশ-সহ ১২ ক্রিকেটার ছাঁটাই
IPL 2024: আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স দল ঢেলে সাজানো হবে। তারই ইঙ্গিত মিলল আজ কেকেআরের তরফে প্রকাশিত তালিকায়। ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল শাহরুখ খানের দল।
গৌতম গম্ভীর এখন কেকেআরের মেন্টর হয়েছেন। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বাংলাদেশের দুই ক্রিকেটার-সহ যাঁদের ছাঁটাই করা হলো তাতে চমক রয়েছে। তবে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে রেখে দেওয়া হয়েছে।

দেশ বনাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জাঁতাকলে পড়ে চলতি বছরের আইপিএলে খেলতে আসেননি শাকিব আল হাসান। লিটন দাস আইপিএল শুরুর পর এলেও পুরো টুর্নামেন্ট শেষের আগেই দেশে ফিরে যান সুবিধাও করতে পারেননি। দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর কেকেআর শাকিব ও লিটনকে ছাঁটাই করায় আপাতত কোনও বাংলাদেশের ক্রিকেটার আইপিএলের আসরে নেই।
আইপিএলের গত সংস্করণের সময়েই দেখা গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট মহল নানাভাবে আইপিএলকে কটাক্ষ করেছে। বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে টালবাহানাও চলে। এখন যা পরিস্থিতি তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মিনি নিলাম থেকে কেউ না নিলে তাঁদের বাড়িতে বসেই আইপিএল দেখতে হবে। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর বাংলাদেশে যে বিজয়োল্লাসের ছবি ধরা পড়েছে এ দেশের ক্রিকেটপ্রেমী-সহ অনেকেই তার সমালোচনা করেছেন।
তখনই দাবি ওঠে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে আইপিএলে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিতে। সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিগুলি ছেঁটে ফেলল কিনা স্পষ্ট নয়। শার্দুল ঠাকুরকে ট্রেডিংয়ের মাধ্যমে নিয়েছিল। কিন্তু তাঁর সম্পর্কে মোহভঙ্গ হওয়ায় মুম্বইয়ের অলরাউন্ডারকে ছেড়ে দিল নাইটরা। উমেশ যাদব, টিম সাউদি, লকি ফার্গুসনদের ছেড়ে দেওয়ায় স্পষ্ট কেকেআর বোলিং বিভাগকে শক্তিশালী করতে চাইবে। লকিকেও গুজরাত থেকে নিয়েছিল কেকেআর।
শ্রেয়স আইয়ার এখন ফিট। ভারতীয় দলের হয়েও দুরন্ত ছন্দে রয়েছেন। তিনিই কেকেআরের নেতৃত্বের ব্যাটন নেবেন নীতীশ রানার হাত থেকে। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে এবারও রেখে দিল নাইটরা। মনে করা হচ্ছে, রাসেলকে রাখার পিছনে গৌতম গম্ভীরের পরামর্শ গুরুত্বপূর্ণ হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সে রইলেন যাঁরা: নীতীশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, জেসন রয়, সুযশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল যাঁদের: শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড উইসে, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।












Click it and Unblock the Notifications