IPL 2024: কেকেআরের অনুশীলনে শাহরুখ, আব্রামকে নিয়ে জমিয়ে ব্যাটিং, দূরে থাকা সৌরভ দিলেন কোন বার্তা?
IPL 2024: ইডেন আজ সাক্ষী থাকল নজিরবিহীন ঘটনার। এই প্রথম কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে হাজির অন্যতম কর্ণধার শাহরুখ খান। পুত্র আব্রাম, ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে সন্ধ্যায় ইডেনে পৌঁছন তিনি।
শাহরুখ ইডেনে পৌঁছনোর একটু পরেই এসে যান দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহরুখের সঙ্গে সৌরভের কথা হয় কিনা সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে।

শাহরুখ ইডেনে দলের ড্রেসিংরুমের গেট দিয়ে প্রবেশ করেই মাঠে চলে যান। শাহরুখ জানেন, তাঁর উপস্থিতি দলের সকলকে অনুপ্রাণিত করে। সে কারণে তিনি এবার নাইটদের বেশিরভাগ ম্যাচেই হাজির থাকছেন। আগের ম্যাচে ২৬১ তুলেও হারতে হয়েছে কেকেআরকে। ঘুরে দাঁড়ানোর দ্বৈরথের আগে কিং খানও দলকে মোটিভেট করতে সবরকম প্রয়াস চালাচ্ছেন।
কেকেআরের ম্যাচের সময় ভিআইপি বক্সে হাজির থাকেন শাহরুখ। কিন্তু এই প্রথম তাঁকে দেখা গেল ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের অনুশীলনে। নিজে নেমে পড়লেন ব্যাট হাতেও। পুত্র আব্রামের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন। পরের দিকে পরে নিলেন কেকেআরের জার্সিও।
শাহরুখ যখন ইডেনের এক প্রান্তে, অন্য প্রান্তে তখন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের অপশনাল প্র্যাকটিসের তদারকিতে ব্যস্ত। ঋষভ পন্থ ইডেনে এলেও প্র্যাকটিস করেননি। সৌরভ কথা বলেছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও। তবে শাহরুখ-সৌরভ সাক্ষাৎ এদিন ইডেনে হয়নি। যদিও নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা হয়েছে দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরের। আমরের কাছে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন শ্রেয়স।
Reuniting with one of his first mentors! 🤗 pic.twitter.com/Z06ZgW6p71
— KolkataKnightRiders (@KKRiders) April 28, 2024
কাল ইডেনে বঙ্গভঙ্গের ইঙ্গিতও মিলল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোশ পরে বিকেল থেকেই ব্যানার নিয়ে ইডেনের সামনে দিল্লি ক্যাপিটালস দলের অপেক্ষায় ছিলেন মহারাজের ভক্তরা। সৌরভকে দেখেই ওঠে দাদা-দাদা স্লোগান। ইডেনে ৯টি ম্যাচের সাতটিতেই হেরেছে দিল্লি। কাল সৌরভের দল চাকা উল্টোদিকে ঘোরাতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
Eden Gardens, কাল দেখা হবে 👋 pic.twitter.com/jqa0XJ1tPf
— Delhi Capitals (@DelhiCapitals) April 28, 2024
সৌরভ যেমন থাকবেন দিল্লির ডাগআউটে, তেমনই ঋষভ পন্থের দলের হয়ে মাঠে নামবেন বাংলার দুই ক্রিকেটার- মুকেশ কুমার ও অভিষেক পোড়েল। কলকাতায় চেনা পরিবেশে তাঁরাও নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সৌরভও বলেছেন, দিল্লি টিম কলকাতায় আপনারা রেডি তো? কাল দেখা হবে।
সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে যখন কেকেআর ছেড়ে দিয়েছিল তখনও মহারাজের জন্যই গর্জে উঠত কেকেআর গ্যালারি। আজ একই সময়ে মাঠে থেকেও সৌরভ ও শাহরুখের পারস্পরিক দেখা না করা, কথা না হওয়া যেন বিরাট ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। ইডেন থেকেই প্লে-অফের সম্ভাবনা আরও উজ্জ্বল করতে মরিয়া টানা ২ ম্যাচ জেতা দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications