IPL 2024 Final: শাহরুখ খান থাকবেন চিপকে আইপিএল ফাইনালে, বাড়তি মোটিভেশন কেকেআরের
IPL 2024 Final: আইপিএল ফাইনালের আসরে হাজির থাকবেন শাহরুখ খান। কেকেআরের কর্ণধার চলতি আইপিএলে সিংহভাগ ম্য়াচেই দলের খেলা দেখতে মাঠে হাজির থেকেছেন।
ফাইনালে তাঁর উপস্থিতি নিয়ে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল আমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারের পর অসুস্থ হয়ে পড়ায়। যদিও নাইটদের অন্যতম কর্ণধার জুহি চাওলার দাবি সত্যি প্রমাণিত করে চেন্নাইয়ের পথে কিং খান।

কেকেআরের খেলা দেখার পাশাপাশি খারাপ সময়েও দলকে উজ্জীবিত করতে অগ্রণী ভূমিকা পালন করে দৃষ্টান্ত রেখেছেন শাহরুখ খান। পাঞ্জাব কিংস আইপিএলে ইডেনে রেকর্ড রান তাড়া করে জেতার পরেও ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ জুগিয়েছিলেন, বলেছিলেন প্লে-অফের কথা না ভেবে সামনের দিকে তাকাতে।
শুধু কি তাই? এবারের আইপিএলেই প্রথমবার শাহরুখ খান দলের অনুশীলন দেখতেও মাঠে হাজির থেকেছেন। নাইট অধিনায়ক হিসেবে দু-বার আইপিএল খেতাব জেতানো গৌতম গম্ভীরকে লখনউ সুপার জায়ান্টস থেকে ছিনিয়ে এনে কেকেআরের মেন্টর করার মধ্যেই স্পষ্ট ছিল শাহরুখ ট্রফি জিততে কতটা মুখিয়ে।
গম্ভীরকে ফিরিয়ে আনার শাহরুখের এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক। সেই গম্ভীরই আবার ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে। যেখানে মূল্যবান হতে পারে শাহরুখ খানের মতামত। কেন না, শাহরুখের থেকে সম্মতি নিয়েই গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার আবেদন করতে পারেন বলে জল্পনা। কালই আবেদনের শেষ দিন।
আজ বিসিসিআইয়ের শীর্ষকর্তারাও হাজির থাকবেন চেন্নাইয়ে। তারই ফাঁকে শাহরুখের সঙ্গে তাঁদেরও কারোর কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ায় শাহরুখকে আমেদাবাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রথম কোয়ালিফায়ারের শেষে।
যদিও তাঁকে দেখে এসে জুহি চাওলা জানিয়েছিলেন, শাহরুখ চিপকে হাজির থাকবেন। মুম্বই বিমানবন্দরে শাহরুখ চিত্র সাংবাদিকদের এড়িয়ে গেলেও তিনি চেন্নাই রওনা হয়েছেন জানতে পেরে কেকেআরের সমর্থকরাও উল্লসিত। ফের একবার ভিকট্রি ল্যাপ দেখার অপেক্ষায় সকলেই।
শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছেন, আইপিএলের প্রথম তিন বছর ভালো দল গড়েও ট্রফি আসেনি। তখন এমন কথাও শুনতে হয়েছে কেকেআরের জার্সি ভালো, খেলার ধরন ভালো নয়। সেই সময়টা ছিল যন্ত্রণার, স্বীকার করেছেন শাহরুখ। এরপর ২০১২ ও ২০১৪ সালে ট্রফি আসে। তারপর ফের ট্রফির খরা। আজ কি সেই খরা মিটবে? উত্তর মিলবে রাতেই।
শাহরুখ খানের সঙ্গে চলতি আইপিএলে সব সময় ছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। আজও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। আব্রাম, সুহানাদের নিয়ে ম্যাচ দেখতে যান কিং খান। থাকেন অনন্যা পাণ্ডেও। সবমিলিয়ে আজ চিপকে শাহরুখের ভিআইপি বক্সের দিকে থাকবে নাইট ভক্তদের বাড়তি নজর। কেকেআরের ক্রিকেটাররাও বারেবারেই স্বীকার করেছেন, শাহরুখের উপস্থিতি তাঁদের কাছে বাড়তি মোটিভেশন।












Click it and Unblock the Notifications